এইচএসসি পরীক্ষা
এইচএসসি পরীক্ষা

এইচএসসি ২০২৬। সমাজকর্ম ১ম পত্র: সৃজনশীল প্রশ্ন (অধ্যায়–১)—সমাজ গঠনের মূল ভিত্তি হলো ‘পরিবার’

সমাজকর্ম ১ম পত্র: সৃজনশীল প্রশ্ন

অধ্যায়–১

কৃষক পরিবারের সন্তান মিলন হোসেন লেখাপড়া শিখে ভালো চাকরি পেয়েছিলেন। তাই জীবনের তাগিদে গ্রাম ছেড়ে বিভিন্ন শহরে পরিবার নিয়ে থেকেছেন। আজ তাঁর সন্তানেরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে অবস্থান করছে। নিজেদের প্রয়োজনেও এখন সন্তানদের কাছে পান না। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বেড়েছে। একই সঙ্গে এসব সমস্যা থেকে উত্তরণের জন্য কিছু পেশাদার পদ্ধতিও আবিষ্কৃত হয়েছে।

প্রশ্ন

ক. ‘বিপ্লব’ শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?

খ. সামাজিক নিরাপত্তা বলতে কী বোঝায়?

গ. মিলন হোসেনের পারিবারিক জীবনে যে বিশেষ বিষয়টি লক্ষণীয়, তার বর্ণনা দাও।

ঘ. উদ্দীপকে ইঙ্গিত করা পেশাদার পদ্ধতি সমাজের বহুমুখী সমস্যা সমাধানে যথেষ্ট ভূমিকা রাখে, বিশ্লেষণ করো।

উত্তর

ক. ‘বিপ্লব’ শব্দের ইংরেজি প্রতিশব্দ Revolution.

খ. সামাজিক নিরাপত্তা বলতে বিপর্যয়কালীন সমস্যাগ্রস্ত মানুষের জন্য গৃহীত আর্থিক সাহায্য কর্মসূচিকে বোঝায়। যেমন বৃদ্ধকালীন নির্ভরশীলতা, অসুস্থতা, বেকারত্ব, দৈহিক অক্ষমতা প্রভৃতি কারণে রাষ্ট্রীয়ভাবে গৃহীত আর্থিক সহায়তাই সামাজিক নিরাপত্তা। অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য পেনশন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রভৃতি সামাজিক নিরাপত্তার উদাহরণ।

গ. মিলন হোসেনের জীবনে পারিবারিক বন্ধনের শিথিলতা লক্ষ করা যায়।

সমাজ গঠনের মূল ভিত্তি হলো পরিবার। এর সদস্যরা স্নেহ-ভালোবাসার বন্ধনে একে অপরের সঙ্গে আবদ্ধ থাকে। মূলত পারিবারিক এই বন্ধনই যুগ যুগ ধরে পরিবার ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে। কিন্তু যখনই এই বন্ধনে শিথিলতা আসে, তখন সমাজকাঠামোয় নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়।

উদ্দীপকে কৃষক পরিবারের সন্তান মিলন হোসেন লেখাপড়া করে ভালো চাকরি পেয়েছিলেন। চাকরির প্রয়োজনে তিনি গ্রাম ছেড়ে বিভিন্ন শহরে পরিবার নিয়ে থেকেছেন। একক পরিবারে তিনি তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে বাস করেছেন। তাঁর পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে স্নেহ ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিল। কিন্তু একসময় জীবন ও জীবিকার প্রয়োজনে তাঁর সন্তানেরাও বিদেশে বসবাস করতে শুরু করে। এখন মিলন সাহেবের যেকোনো প্রয়োজনে তাঁর সন্তানেরা কেউ কাছে থাকতে পারে না। বলা যায়, মিলন হোসেনের জীবনে পারিবারিক বন্ধনে শিথিলতা এসেছে।

ঘ. উদ্দীপকে ইঙ্গিত করা সমাজকর্ম পেশা সমাজের বহুমুখী সমস্যা সমাধানে যথেষ্ট ভূমিকা রাখে।

শিল্পবিপ্লব–পরবর্তী যান্ত্রিক সমাজের বিভিন্ন জটিল আর্থ-মনো-সামাজিক সমস্যার মোকাবিলায় সমাজকর্মের কৌশল ও পদ্ধতির প্রয়োগ করা হয়। বিশেষ করে সমাজ পরিবর্তনের ধারাবাহিকতায় মানুষের আশা-আকাঙ্ক্ষা, মূল্যবোধ, চিন্তা–চেতনা প্রভৃতিও পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যক্তি ও সমষ্টিকে সহায়তা করে সমাজকর্ম। উদ্দীপকে তেমন ইঙ্গিতই পাওয়া যায়।

উদ্দীপকের মিলন হোসেন একসময় জীবিকার প্রয়োজনে পরিবার নিয়ে শহরে থেকেছেন। এখন তাঁর সন্তানেরাও বিদেশে থাকে। ন্যূনতম প্রয়োজনের সময়ও তিনি তাদের কাছে পান না। ফলে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বেড়েছে। আর এসব সমস্যা থেকে উত্তরণে সমাজকর্ম পেশার উদ্ভব হয়েছে। মূলত শিল্পায়ন ও শহরায়ণের ফলে আমাদের সমাজব্যবস্থা প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে।

সমাজকর্ম পেশা এসব কুসংস্কার ও কু–প্রথার প্রকৃতি, কারণ ও সমাধানের কৌশল নিয়ে ব্যক্তি ও সমষ্টির সঙ্গে কাজ করে। এ ছাড়া পেশাদার সমাজকর্মীরা সমাজকর্মের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান করে থাকেন। এভাবে সমাজকর্ম পেশা বিজ্ঞানসম্মত উপায়ে বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলা ও নিয়ন্ত্রণের জন্য কাজ করে।

উদ্দীপকে ইঙ্গিতকৃত সমাজকর্ম পেশা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  • মাহমুদ বিন আমিন, প্রভাষক
    সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা