দাখিলের ফরম পূরণের সময় আবার বাড়ল

ফাইল ছবি

দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় আবার বাড়ানো হয়েছে। ১০০ টাকা জরিমানা বা বিলম্ব ফি দিয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণের সুযোগ পাবে শিক্ষার্থীরা। আর ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সময় শেষবারের মতো বাড়ানো হলো।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের দাখিল পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় শেষবারের মতো ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষার্থীদের ফরম পূরণের কাজ শেষ করবে। প্রতিষ্ঠানের প্রধান সুষ্ঠুভাবে ফরম পূরণের বিষয়টি নিশ্চিত করবেন। এরপর ফরম পূরণের সময় আর বাড়ানো হবে না।

বর্ধিত সময়ে কোনো শিক্ষার্থী ফরম পূরণে ব্যর্থ হলে মাদ্রাসার প্রধান দায়ী থাকবেন।

গত ১৮ ডিসেম্বর এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। আর ১০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসএসসির ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল। সে সময় প্রথম দফায় ১৬ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। দ্বিতীয় দফায় তা ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। শেষবারের মতো ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ পেল দাখিল পরীক্ষার্থীরা।