এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মোবাইল পেতে ব্যস্ত শিক্ষার্থীরা।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মোবাইল পেতে ব্যস্ত শিক্ষার্থীরা।

এসএসসির ফলাফল এসএমএসে পেতে যুক্ত হয়েছে নতুন নম্বর

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (১০ আগস্ট ২০২৬)। সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হবে। এসএমএসের মাধ্যমে ফলাফল পাবে শিক্ষার্থীরা।

মুঠোফোনে এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফল দেখার পদ্ধতিতে ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন আরেকটি নম্বর ১৬১৪০ যুক্ত করা হয়েছে। গতকাল শনিবার (৮ আগস্ট ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১০ আগস্ট সকাল ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে ফল। মুঠোফোনে ফল দেখার জন্য মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস; বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস; রোল নম্বর <স্পেস; পরীক্ষার বছর টাইপ করে ১৬২২২ বা ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

উদাহরণ: SSC DHA 113456 2026 লিখে পাঠান 16222 অথবা 16140 নম্বরে।

এ ছাড়া নিজ নিজ বোর্ডের ফল সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd থেকেও ফল জানা যাবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।