জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষার্থীরা ফল পাচ্ছে দুইভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার (৩ মে ২০২৬) এই ফল প্রকাশ হয়।

দুইভাবে ফল দেখা যাবে—

মোবাইলে এসএমএসের মাধ্যমে: ফল জানতে NU ATHN লিখে তারপর রোল নম্বর টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফল জানা যাবে।

ওয়েবসাইটের মাধ্যমে: ভর্তিবিষয়ক ওয়েবসাইট এ গিয়ে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে —

প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করুন সাইন ইন পৃষ্ঠায় নিজের পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন ড্যাশবোর্ডে ‘ফল’ অপশন নির্বাচন করুন ফল দেখার পর প্রয়োজনে ডাউনলোড বা প্রিন্ট করে রাখুন।

এর আগে, গত ২৫ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের ১৩৮টি কেন্দ্রে একযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ২৪ এপ্রিল রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভর্তিসংক্রান্ত বিভিন্ন তথ্য জানান উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির পরীক্ষায় ৩১টি বিষয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। ৮৮০টি কলেজে স্নাতকে (সম্মান) শিক্ষার্থী ভর্তি করা হবে। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে নিজেদের ভবিষ্যত কর্মপরিকল্পনার কথাও জানান তিনি। যার মধ্যে রয়েছে শিক্ষাক্রম ও পাঠ্যসূচিতে পরিবর্তন আনা, ইংরেজি ও আইসিটি বিষয় বাধ্যতামূলক করা, ট্রেড কোর্স চালু করা, আগামী বছরের মধ্যে সেশনজট শূন্যে আনা ইত্যাদি।

উপাচার্য ওইদিন সংবাদ সম্মেলনে জানান, দেশের ৮৮০টি কলেজে আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসন রয়েছে ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে আসন রয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি। সরকারি কলেজে আবেদন জমা পড়ে ৩ লাখ ৯৪ হাজারের বেশি। আর বেসরকারি কলেজে আবেদন জমা পড়েছে ৫৮ হাজার ৯১৯টি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে এসএসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী করা হতো। গত বছর থেকে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।