
বাংলা ২য় পত্র: অনুচ্ছেদ রচনা
জাদুঘর
জাদুঘর এমন একটি স্থান, যেখানে ইতিহাসের গুরুত্বপূর্ণ পুরাকীর্তি সংগ্রহ করে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। মানুষের অতীত জীবনের নিদর্শন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরে ইতিহাস–ঐতিহ্য সম্পর্কে সচেতন করাই জাদুঘরের প্রধান উদ্দেশ্য। পৃথিবীর প্রথম জাদুঘর প্রাচীন মিসরের আলেকজান্দ্রিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বের বিখ্যাত জাদুঘরগুলোর মধ্যে ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়াম, রাশিয়ার হার্মিটেজ মিউজিয়াম ও ইতালির উপিজি মিউজিয়াম বিশেষভাবে পরিচিত।
বাংলাদেশে প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১০ সালে রাজশাহীতে। এই বরেন্দ্র গবেষণা জাদুঘর এখনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য সুপরিচিত। ঢাকায় জাতীয় জাদুঘর প্রথম ১৯১৩ সালে ‘ঢাকা জাদুঘর’ নামে প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮৩ সালে শাহবাগে নবনির্মিত ভবনে এটি ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর’ হিসেবে যাত্রা
শুরু করে।
ঢাকায় আরও রয়েছে দুটি জাদুঘর—মুক্তিযুদ্ধ জাদুঘর ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
জাদুঘরের প্রতিটি পুরাকীর্তি নিয়মিতভাবে দেখার সুযোগ থাকা আমাদের জ্ঞান বাড়ায় এবং ঐতিহ্যের প্রতি সম্মান তৈরি করে। এক কথায়, যে জাতির ঐতিহ্য যত সমৃদ্ধ, সে জাতির জাদুঘরও তত সমৃদ্ধ। এ জন্যই জাদুঘরকে বলা হয়, ইতিহাস ও জ্ঞানের জীবন্ত ভান্ডার।
ফারুক আহমেদ আবির, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা