
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন
প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন থাকবে ৮টি। সব কটি প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর থাকবে প্রতিটিতে ২ করে মোট ১৬।
প্রশ্ন: আহসান মঞ্জিলের দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: আহসান মঞ্জিলের দুটি বৈশিষ্ট্য:
১. এই প্রাসাদের উত্তর ও দক্ষিণে রয়েছে দুটি লম্বা বারান্দা।
২. এ ছাড়া রয়েছে জলসাঘর, দরবার হল ও রংমহল।
প্রশ্ন: ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কী?
উত্তর: ব্রিটিশ শাসনামলে অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা ১১৭৬ সালে (ইংরেজি ১৭৭০) হয়েছিল, যা ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত।
প্রশ্ন: বাংলায় ‘নবজাগরণ’ কাকে বলে?
উত্তর: ব্রিটিশ শাসন আমলে শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে উনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে। এ সময় সামাজিক সংস্কারসহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধিগুলো কী কী?
উত্তর: মুক্তিযুদ্ধের বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ উপাধিগুলো হলো—
ক. বীরশ্রেষ্ঠ, খ. বীর উত্তম, গ. বীর বিক্রম ও
ঘ. বীর প্রতীক।
প্রশ্ন: ব্রিটিশদের ‘ভাগ কর শাসন কর’ নীতির ফলে কী হয়েছিল?
উত্তর: ব্রিটিশদের ‘ভাগ কর শাসন কর’ নীতির ফলে এ দেশের মানুষদের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি ও অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয়।
প্রশ্ন: পাহাড়পুরের দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: পাহাড়পুরের দুটি বৈশিষ্ট্য:
১. পাহাড়পুর বৌদ্ধবিহারের চারপাশে ১৭৭টি গোপন কুঠুরি আছে।
২. এ ছাড়া এখানে মন্দির, রান্নাঘর ও পাকা নর্দমা আছে।
প্রশ্ন: ‘সোনালি আঁশ’ কাকে বলে? পাটের তৈরি কয়েকটি জিনিসের নাম লেখো।
উত্তর: পাটকে ‘সোনালি আঁশ’ বলা হয়। পাটের তৈরি কয়েকটি জিনিস হলো—রশি, চট বা বস্তা, পাটের ব্যাগ, কার্পেট ইত্যাদি।
মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা