
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: বিস্তৃত উত্তর–প্রশ্ন
প্রশ্ন: সমাজ কী? সমাজের প্রয়োজন কেন? সমাজের প্রতি চারটি কর্তব্য উল্লেখ করো।
উত্তর: আমাদের চারপাশের পরিবেশ, মানুষ ও তাদের কাজ নিয়েই আমাদের সমাজ।
মানুষ একা বাঁচতে পারে না। সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সমাজ প্রয়োজন।
সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য হলো—
১. সমাজের নিয়মকানুন মেনে চলা।
২. সমাজের সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করা।
৩. কারও কোনো ক্ষতি না করা।
৪. বয়স্কদের সাহায্য করা।
প্রশ্ন: সড়ক দুর্ঘটনা কী? সড়ক দুর্ঘটনা ঘটে কেন? সড়ক দুর্ঘটনার চারটি ক্ষতিকর দিক লেখো।
উত্তর: রাস্তায় যানবাহন ও মানুষের অসাবধানতার জন্য যে দুর্ঘটনা ঘটে, তাকে সড়ক দুর্ঘটনা বলে। সাধারণত অসচেতনতার কারণেই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
সড়ক দুর্ঘটনার চারটি ক্ষতিকর দিক হলো—
১. অনেক মানুষ প্রাণ হারায়।
২. অনেক মানুষ বিকলাঙ্গ হয়ে যায়।
৩. অর্থ ও সম্পদের ক্ষতি হয়।
৪. অনেক পরিবার অভিভাবক হারিয়ে আর্থিক অনটনের সম্মুখীন হয়।
প্রশ্ন: সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কী করা উচিত? আমরা ছোটদের কী করব? সমাজের প্রতি চারটি দায়িত্ব উল্লেখ করো।
উত্তর: সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের বিভিন্ন দায়িত্ব পালন করা উচিত।
আমরা ছোটদের ভালোবাসব ও দেখাশোনা করব। সমাজের প্রতি চারটি দায়িত্ব হলো—
১. সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলা।
২. সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করা।
৩. সমাজের বিভিন্ন ধরনের সম্পদ, যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করা।
৪. সমাজের উন্নয়নে কাজ করা, কারও কোনো ক্ষতি না হয়, সেদিকে বিশেষ লক্ষ রাখা।
প্রশ্ন: রাষ্ট্র পরিচালনার জন্য কী প্রয়োজন? নিয়মিত কর দেওয়া উচিত কেন? নিয়মিত কর দেওয়ার চারটি সুফল লেখো।
উত্তর: রাষ্ট্র পরিচালনার জন্য অনেক অর্থের প্রয়োজন। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা ও নাগরিকদের বিভিন্ন সুযোগ–সুবিধা দেওয়ার জন্য আয়কর প্রদানে যোগ্য ব্যক্তিদের কর দেওয়া উচিত।
নিয়মিত কর দেওয়ার চারটি সুফল হলো—
১. রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে।
২. নাগরিক বিভিন্ন সুযোগ–সুবিধা পাওয়া যায়।
৩. দেশে অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়।
৪. দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়।
প্রশ্ন: নাগরিক কারা? রাষ্ট্রের প্রতি আমাদের চারটি কর্তব্য লেখো।
উত্তর: স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের যাবতীয় দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠুভাবে পালন করে ও অধিকার ভোগ করে, তারাই নাগরিক।
রাষ্ট্রের প্রতি আমাদের চারটি কর্তব্য হলো—
১. রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ করা।
২. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা।
৩. আইন মেনে চলা ও
৪. রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা।
প্রশ্ন: জাতিসংঘ কখন গঠিত হয়? এটি কিরূপ সংগঠন? জাতিসংঘের সাধারণ পরিষদ সম্পর্কে চারটি বাক্য লেখো।
উত্তর: জাতিসংঘ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর গঠিত হয়। জাতিসংঘ বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। জাতিসংঘের সাধারণ পরিষদ সম্পর্কে চারটি বাক্য হলো—
১. সাধারণ পরিষদ জাতিসংঘের আইনসভার মতো। বিশ্বশান্তি ও সহযোগিতা রক্ষায় এর ভূমিকা গুরুত্বপূর্ণ।
২. জাতিসংঘের সাধারণ পরিষদের বিভিন্ন সদস্য শাখার নির্বাচন, বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ এ পরিষদ করে থাকে।
৩. এ পরিষদে প্রতিবছরে একবার অধিবেশন হয় এবং একজন সভাপতি নির্বাচিত হন।
৪. এ পরিষদ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তাসহ মানবাধিকারসংক্রান্ত বিষয় আলোচনা করে।
রাবেয়া সুলতানা, শিক্ষক
বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা