অলংকরণ: এস এম রাকিবুর রহমান
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

এসএসসি পরীক্ষা ২০২৬। রসায়ন: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন, লিখতে হবে ৫টি

Ne–কে 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে কেন?

রসায়ন: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, ২০২৬ সালের পরীক্ষায় রসায়ন বিষয়ে তত্ত্বীয় অংশে সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের পাশাপাশি ৭টি সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন থাকবে। ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ২ করে।

 

প্রশ্ন: পরমাণুতে কীভাবে বর্ণালির সৃষ্টি হয়?

উত্তর: শক্তির উৎস থেকে মৌলের অসংখ্য পরমাণুর ইলেকট্রন বিভিন্ন পরিমাণে শক্তি শোষণ করে উদ্দীপিত অবস্থায় বিভিন্ন নির্দিষ্ট উচ্চ শক্তিস্তরে গমন করে। পরে শক্তির উৎস সরিয়ে নিলে ওই ইলেকট্রন আলোক শক্তির বিকিরণ করে নিম্ন শক্তিস্তরে ফিরে আসতে পারে। এই বিকিরিত আলোক রশ্মিকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালির সৃষ্টি হয়।

প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় পরমাণু চার্জ নিরপেক্ষ কেন?

উত্তর: পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সমান থাকে বলে পরমাণু চার্জ নিরপেক্ষ হয়।

পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। এতে প্রোটন ও নিউট্রন রয়েছে। প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রনের চার্জ নেই। অর্থাৎ পরমাণুর কেন্দ্র তথা নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত। অপর দিকে নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। স্বাভাবিক অবস্থায় পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান। ফলে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ ও ঘূর্ণায়মান ইলেকট্রনের ঋণাত্মক চার্জ পরস্পরকে প্রশমিত করে। এ জন্য পরমাণু চার্জ নিরপেক্ষ।

প্রশ্ন: Rbকে ক্ষার ধাতু বলা হয় কেন?

উত্তর: Rb (রুবিডিয়াম) একটি ক্ষার ধাতু। কারণ, এটি সরাসরি পানির সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে তীব্র ক্ষার রুবিডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। সংশ্লিষ্ট বিক্রিয়াটি নিচে দেওয়া হলো:

2Rb+2H2O→2RbOH+H2

পর্যায় সারণির 1 নম্বর গ্রুপে থাকা 7টি মৌলের মধ্যে হাইড্রোজেন ছাড়া বাকি 6টিই ক্ষার ধাতু। এদের মধ্যে অন্যতম হলো রুবিডিয়াম।

প্রশ্ন: Neকে 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে কেন?

উত্তর: পর্যায় সারণিতে গ্রুপ 18 নম্বরে নিষ্ক্রিয় গ্যাসগুলো বিদ্যমান। এ ক্ষেত্রে Neকে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে স্থান দেওয়া হয়েছে। কারণ, Neএর যোজ্যতা স্তরে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় 8টি ইলেকট্রনবিশিষ্ট অধিক স্থিতিশীল কাঠামো বিদ্যমান। ফলে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস পরিবর্তনে অনাগ্রহী হওয়ায় এটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়তা প্রদর্শন করে। তাই Neকে 18 নম্বর গ্রুপের মৌলদের সঙ্গে স্থান দেওয়া হয়েছে।

প্রশ্ন: পর্যায় সারণির সীমাবদ্ধতা কী কী?

উত্তর: যদিও আধুনিক পর্যায় সারণিতে মৌলগুলোকে সবচেয়ে সফলভাবে বিন্যস্ত করা হয়েছে, তবু এতে নিচের ত্রুটিগুলো বিদ্যমান—

১. হাইড্রোজেনের অবস্থান: ক্ষার ধাতুর ধর্মের সঙ্গে Hএর ধর্মের সম্পূর্ণ মিল নেই, তবু Hকে গ্রুপ 1–এ স্থান দেওয়া হয়েছে।

২. হিলিয়ামের অবস্থান: ইলেকট্রন বিন্যাস অনুসারে Heএর অবস্থান গ্রুপ 2–এ হওয়ার কথা থাকলেও Heকে গ্রুপ 18–তে স্থান দেওয়া হয়েছে।

৩. ল্যান্থানাইড ও অ্যাকটিনাইড গ্রুপ: ল্যান্থানাইড ও অ্যাকটিনাইড সিরিজে একই গ্রুপে 15টি মৌলের অবস্থান পর্যায় সারণির অন্যতম একটি ত্রুটি।

প্রশ্ন: ‘মিথান্যাল পানিতে দ্রবণীয়’—ব্যাখ্যা করো।

উত্তর: মিথান্যাল (HCHO) সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয়। মিথান্যালের কার্যকরীমূলক—CHOএর অক্সিজেন ও কার্বনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকায়—CHO মূলকের মধ্যে পোলারটির সৃষ্টি হয়। অপর দিকে আমরা জানি, পানি একটি পোলার (H8+— O8-— H8+) সমযোজী যৌগ। অর্থাৎ মিথান্যাল ও পানি উভয়ই পোলার সমযোজী যৌগ হওয়ায় মিথান্যাল পানিতে দ্রবণীয় হয়।

প্রশ্ন: বর্ষাকালে পাকা বাড়ির ছাদ পিচ্ছিল হলে বালু দেওয়া হয় কেন?

উত্তর: ক্ষারীয় পদার্থ পিচ্ছিল হয়ে থাকে। বর্ষাকালে পাকা বাড়ির ছাদে ক্ষারীয় পদার্থ সৃষ্টি হয়। বালু (SiO2) অম্লীয় পদার্থ। এটি ক্ষারের সঙ্গে প্রশমন বিক্রিয়া ঘটিয়ে পিচ্ছিল ভাব দূর করে। এ কারণে বর্ষাকালে পাকা বাড়ির ছাদে বালু দেওয়া হয়।

  • এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক
    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা