‘পত্র লিখি’ প্রবন্ধের ওপর বিস্তারিত আলোচনা: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬

বাংলা: পত্র লিখি

শব্দার্থ লেখো

উক্ত, প্রদান, মঞ্জুর, মর্জি, নিবেদক, দায়িত্বপ্রাপ্ত, সম্বোধন, বক্তব্য।

উত্তর

উক্ত — বলা হয়েছে এমন

প্রদান — দেওয়া

মঞ্জুর — অনুমোদন করা হয়েছে

মর্জি — খেয়াল

নিবেদক — আবেদন করেছেন যিনি

দায়িত্বপ্রাপ্ত — দায়িত্ব পেয়েছেন যিনি

সম্বোধন — যে শব্দের সাহায্যে কোনো ব্যক্তিকে আহ্বান বা ডাকা হয়

বক্তব্য — কথা

বাক্য গঠন করো

নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো।

তারিখ, বরাবর, বিষয়, সম্বোধন, বক্তব্য, অনুরোধ, পরিচয়।

উত্তর

তারিখ — তুমি কত তারিখে জন্মগ্রহণ করেছ?

বরাবর — প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লেখো।

বিষয় — আবেদনপত্রে বিষয় লিখতে হয়।

সম্বোধন — শিক্ষককে আমরা স্যার বলে সম্বোধন করি।

বক্তব্য — প্রধান শিক্ষক বক্তব্য দিলেন।

অনুরোধ — স্যারকে অনুরোধ করো।

পরিচয় — স্যারকে তোমার পরিচয় দাও।

বহুনির্বাচনি প্রশ্ন

১.     আবেদনপত্র একধরনের কী?

        ক. চিঠি                                                খ. রচনা

        গ. বিবরণ                                             ঘ. অনুচ্ছেদ

২.     আবেদনপত্র কার কাছে লেখা হয়?

        ক. বন্ধুর কাছে                                      

        খ. বাবার কাছে

        গ. আত্মীয়ের কাছে                                 

        ঘ.দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে

৩.    আবেদনপত্রে সাধারণত কী জানানো হয়?

        ক. আদেশ                                            খ. উপদেশ

        গ. অনুরোধ                                           ঘ. মনের কথা

৪.     আবেদনপত্র যতটুকু সম্ভব কেমন রাখতে হয়?

        ক. বিস্তারিত                                          খ. ছোট

        গ. বড়                                                 ঘ. মাঝারি

৫.     আবেদনপত্রের শুরুতে কী থাকে?

        ক. বরাবর                                            খ. তারিখ

        গ. সম্বোধন                                           ঘ. ঠিকানা

৬.    আবেদনপত্রে কোন সময়ের তারিখ দিতে হয়?

        ক. যেদিন আবেদনপত্র লেখা হয়               

        খ. যেদিন আবেদনপত্র পাঠানো হয়

        গ. যেদিন আবেদনপত্র পৌঁছানো হয়           

        ঘ. যেদিন আবেদনপত্র গ্রহণ করা হবে

৭.     যার কাছে আবেদনপত্র প্রেরণ করা হবে, তার পদবি ও ঠিকানা কোন অংশে লিখতে হয়?

        ক. তারিখ                                             খ. বরাবর

        গ. বিষয়                                               ঘ. সম্বোধন

৮.     আবেদনপত্র লেখার কারণ কোথায় উল্লেখ করতে হয়?

        ক. তারিখে                                           খ. বরাবরে

        গ. বিষয়ে                                             ঘ. সম্বোধনে

৯.    আবেদনপত্রে ‘বিষয়’ কেন লিখতে হয়?

        ক. সুন্দর দেখানোর জন্য                         

        খ. একনজরে মূল কারণ বোঝার জন্য

        গ. গল্প করার জন্য                                 

        ঘ. দাওয়াত দেওয়ার জন্য

১০.   আবেদনপত্রের একদম শেষে কোন অংশ থাকে?

        ক. বক্তব্য                                             খ. অনুরোধ

        গ. নিজের পরিচয়                                   ঘ. সম্বোধন

সঠিক উত্তর

১. ক ২. ঘ ৩. গ ৪. খ ৫. খ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০. গ

সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন

প্রশ্ন: আবেদনপত্র বলতে কী বোঝো?

উত্তর: আবেদনপত্র হলো বিশেষ একধরনের চিঠি। কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লেখা হয়। সহজ কথায়, কোনো অনুরোধ জানিয়ে যখন আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি লিখি, তাকেই আবেদনপত্র বলা হয়।

প্রশ্ন: আবেদনপত্র কেন লেখা হয়? আবেদনপত্রের আকার কেমন রাখতে হবে?

উত্তর: সাধারণত কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো অনুরোধ জানাতে আবেদনপত্র লেখা হয়। এ ধরনের পত্র যতটুকু সম্ভব ছোট রাখতে হয়।

প্রশ্ন: আবেদনপত্রের বরাবর অংশে কী কী থাকে?

উত্তর: আবেদনপত্রের বরাবর অংশে যার কাছে আবেদন করা হয়, তার পদবি ও ঠিকানা থাকে।

প্রশ্ন: কী লিখে আবেদনপত্রে সম্বোধন করা হয়? আবেদনপত্রের বক্তব্য অংশে কী থাকে?

উত্তর: সাধারণত জনাব লিখে আবেদনপত্রে সম্বোধন করা হয়। আবেদনপত্রের বক্তব্য অংশে আবেদনের মূলকথা থাকে।

প্রশ্ন: আবেদনপত্রের বক্তব্য অংশের পরে কী থাকে? সেই অংশটিতে কী করা হয়?

উত্তর: আবেদনপত্রের বক্তব্য অংশের পরে অনুরোধ অংশ থাকে। সেই অংশটিতে বক্তব্য মেনে নেওয়ার অনুরোধ করা হয়।

রচনামূলক প্রশ্ন

প্রশ্ন: আবেদনপত্রে কী কী থাকে? এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।

উত্তর: আবেদনপত্রে কয়েকটি অংশ থাকে। যেমন:

তারিখ: যেদিন আবেদনপত্র লেখা হয়, সেদিনের তারিখ।

বরাবর: যার কাছে আবেদন করা হয়, তার পদবি ও ঠিকানা।

বিষয়: কোন কারণে পত্রটি লেখা হচ্ছে, সেই বিষয়।

সম্বোধন: ‘জনাব’ লিখে সম্বোধন।

বক্তব্য: আবেদনের বক্তব্য বা মূলকথা।

অনুরোধ: বক্তব্যটি মেনে নেওয়ার অনুরোধ।

নিজের পরিচয়: পত্রটি যে লিখেছে, তার নাম-পরিচয়।

  • মোস্তাফিজুর রহমান, শিক্ষক
    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা