জীববিজ্ঞান: সংক্ষিপ্ত প্রশ্ন–উত্তর
অধ্যায়–১
প্রশ্ন: নেস্টেড হায়ারার্কি কী? ব্যাখ্যা করো।
উত্তর: জীবজগতের শ্রেণিবিন্যাসে ব্যবহৃত বিভিন্ন ট্যাক্সোনমিক ক্যাটাগরি বা ধাপ, যা একটির ওপর আরেকটিকে বিন্যস্ত করা হয়েছে, এগুলোকে নেস্টেড হায়ারার্কি বলে। একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত সাতটি ধাপ আছে, এগুলো নিচে দেওয়া হলো:
রাজ্য
পর্ব/ বিভাগ
শ্রেণি
বর্গ
গোত্র
গণ
প্রজাতি
ওপরের ধাপ যেন বড় একটি সেট আর নিচের ধাপ হলো তার উপ সেট। রাজ্যের উপ সেট হলো পর্ব, পর্বের উপ সেট হলো শ্রেণি, শ্রেণির উপ সেট হলো বর্গ... ইত্যাদি। শ্রেণিবিন্যাসের এই পদ্ধতিকে বলে নেস্টেড হায়ারার্কি।
প্রশ্ন: হিস্টোলজি জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: হিস্টোলজি ভৌত জীববিজ্ঞান শাখায় অন্তর্ভুক্ত।
জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে ভৌত জীববিজ্ঞান বলে। হিস্টোলজিতে জীবদেহের টিস্যুগুলোর গঠন, বিন্যাস ও কার্যাবলি নিয়ে আলোচনা করা হয়, যা মূলত জীববিজ্ঞানের তত্ত্বীয় বিষয়। আর এ কারণেই হিস্টোলজি ভৌত জীববিজ্ঞান শাখায় অন্তর্ভুক্ত।
প্রশ্ন: মানুষ কোন বর্গের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: মানুষ Primate বর্গের অন্তর্ভুক্ত। মানুষের আঁকড়ে ধরার উপযোগী হাত রয়েছে। এ ছাড়া ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। এ ধরনের বৈশিষ্ট্যের কারণে মানুষ Primate বর্গের অন্তর্ভুক্ত।
প্রশ্ন: ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যাকটেরিয়া মনেরা (Monera) রাজ্যের অন্তর্ভুক্ত।
ব্যাকটেরিয়া এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। দ্বিবিভাজন প্রক্রিয়ায় কোষবিভাজন সম্পন্ন হয়। শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এ বৈশিষ্ট্যের কারণেই ব্যাকটেরিয়া মনেরা (Monera) রাজ্যের অন্তর্ভুক্ত।
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা