সমাজকর্ম ১ম পত্র: সৃজনশীল প্রশ্ন
অধ্যায়–১
# নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
জনাব আলীম মানুষের সাহায্যে এগিয়ে আসেন। সাহায্যের সময় তিনি দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক দিকের প্রতি সমান গুরুত্ব দিয়ে থাকেন।
ক. COS–এর পূর্ণরূপ কী?
খ. ‘সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা’—ব্যাখ্যা করো।
গ. জনাব আলীম সমাজকর্মের কোন বৈশিষ্ট্যটি অনুশীলন করেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব আলীমের কার্যক্রম সমাজকর্মের উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ—বিশ্লেষণ করো।
উত্তর: ক. COS–এর পূর্ণরূপ Charity Organization Society.
খ. ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সাহায্য প্রদান করে বলে সমাজকর্মকে সাহায্যকারী পেশা বলা হয়।
সমাজকর্ম বর্তমান বিশ্বে একটি মানবসেবামূলক সাহায্যকারী পেশা হিসেবে সর্বজনস্বীকৃত। এটি ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে এমনভাবে সহায়তা করে, যেন তারা নিজেদের সমস্যা নিজেরাই মোকাবিলা করতে সক্ষম হয়। পেশাগত কাঠামোর মধ্য থেকে সমাজকর্ম সমস্যা সমাধানে এরূপ সহায়তা দিয়ে থাকে। এ জন্যই এটি সাহায্যকারী পেশা হিসেবে পরিচিত।
গ. জনাব আলীম সর্বদা মানুষের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমে সমাজকর্মের ‘সাহায্যকারী কার্যক্রম’ বৈশিষ্ট্যটি অনুশীলন করেন। সমাজকর্ম বর্তমান বিশ্বে একটি মানবসেবামূলক পেশা হিসেবে সর্বজনস্বীকৃত। অন্যান্য পেশার মতো সমাজকর্মও কতগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। এসব বৈশিষ্ট্যের মধ্যে ‘সাহায্যকারী কার্যক্রম’–এর অন্যতম প্রধান ও সাধারণ বৈশিষ্ট্য। প্রকৃতপক্ষে সাহায্যকারী কার্যক্রম পরিচালনাই সমাজকর্মের মূল লক্ষ্য।
জনাব আলীমের একটি অনন্য চারিত্রিক বৈশিষ্ট্য হলো তিনি মানুষের সাহায্যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। মূলত সমাজকর্ম সমাজের অসুবিধাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করে; যাতে তারা নিজেদের সম্পদ ও সামর্থ্য সম্পর্কে সচেতন হয়। এর ফলে তারা সামাজিক ভূমিকা পালনের মাধ্যমে নিজেদের অবস্থার উন্নয়ন করতে পারে। উল্লেখ্য, সমাজকর্মে সাহায্য বলতে আর্থিক বা নগদ কোনো কিছু প্রদান নয়, ব্যক্তি বা দলকে কর্মপ্রচেষ্টার উন্নয়নে সক্ষম করা বোঝায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে সমাজকর্মের সাহায্যকারী কার্যক্রমের এ দিকটিই ইঙ্গিত করা হয়েছে।
ঘ. জনাব আলীমের কার্যক্রম সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্মের সামগ্রিক লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ। মানবসেবা প্রদানকারী বিভিন্ন সংস্থা হিসেবে সমাজকর্মে বহুমুখী লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে বিভিন্ন ধরনের কর্মসূচি অনুশীলন করা হয়। মূলত সমাজকর্মের লক্ষ্য হলো সমাজজীবন থেকে সব জটিল সমস্যা দূর করে পরিকল্পিত উপায়ে কাঙ্ক্ষিত ও গঠনমূলক সামাজিক পরিবেশ সৃষ্টি করা। উদ্দীপকে বর্ণিত জনাব আলীম সমস্যাগ্রস্ত মানুষকে সাহায্যের সময় দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক দিকের প্রতি সমান গুরুত্ব দিয়ে থাকেন। এ থেকে বোঝা যায়, তিনি সাহায্যার্থীর সমস্যা সমাধানে সামগ্রিক দৃষ্টিভঙ্গি পোষণ করে কাজ করেন।
প্রকৃতপক্ষে সমাজকর্মে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে এ বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। এ ক্ষেত্রে জনাব আলীমের ভূমিকা একজন সমাজকর্মীর অনুরূপ। একজন সমাজকর্মী তাঁর পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সাহায্যার্থীকে নিজের সমস্যা সমাধানে সক্ষম করে তোলেন। এ ক্ষেত্রে তিনি ব্যক্তি, দল ও সমষ্টির পারিপার্শ্বিক সব বিষয় বিবেচনায় নেন। আর এভাবে পরিপূর্ণ সহায়তা প্রদানই সমাজকর্মের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। অর্থাৎ সাহায্যার্থীকে সর্বোচ্চ সহায়তা প্রদানে সমাজকর্ম সবকিছু বিচার-বিশ্লেষণের মাধ্যমে কাজ করে।
সার্বিক আলোচনা থেকে বলা যায়, জনাব আলীম তাঁর কার্যক্রমের মাধ্যমে সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যেরই প্রতিফলন ঘটিয়েছেন।
মাহমুদ বিন আমিন, প্রভাষক
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা