বিজ্ঞান: পরামর্শ
প্রিয় পরীক্ষার্থী, বিজ্ঞান বিষয়টিতে কীভাবে ভালো নম্বর তোলা যায়, তার টিপস দেখে নাও।
∎ নম্বর বিভাজন দেখে নাও
# বিজ্ঞান পরীক্ষায় পাঠ্যবই থেকে বহুনির্বাচনি অংশে মোট ৩০টি প্রশ্ন থেকে সব কটি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ১×৩০ অর্থাৎ ৩০ নম্বর। প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ থাকবে ১ নম্বর করে।
# সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে অংশে প্রশ্ন থাকবে ১৫টি। যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ২×১০ অর্থাৎ ২০ নম্বর।
# সৃজনশীল অংশে প্রশ্ন থাকবে ৮টি। যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে ৫×১০ অর্থাৎ ৫০ নম্বর।
∎ গুরুত্ব দাও পাঠ্যবই
বিজ্ঞানের নির্ধারিত সিলেবাসের ওপর ভিত্তি করে প্রশ্ন হবে। এ বিষয় কিন্তু অনেক তথ্যভিত্তিক, সিলেবাসও বেশ বড়। মনোযোগ দিয়ে বুঝে পড়লেই ভালো নম্বর পাওয়া সম্ভব। সঠিক প্রস্তুতিই সৃজনশীল প্রশ্ন ও বহুনির্বাচনি অংশে বেশি নম্বর তুলতে সহায়তা করবে।
∎ বহুনির্বাচনি অংশ
বহুনির্বাচনি অংশে ভালো করতে নির্ধারিত অধ্যায়গুলো খুব ভালোভাবে রিভিশন দেবে। প্রতিটি অধ্যায়ে অনেক বিজ্ঞানীর নাম, রক্তের বিভাগের নাম, ভিটামিনের নামসহ বিভিন্ন বিষয় মনে রাখতে হবে। হৃদ্যন্ত্রের যত কথা, পলিমার, জীবপ্রযুক্তি, দেখতে হলে আলো চাই, অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার অধ্যায়টি বহুনির্বাচনিতে ভালো করলেই সহজে বেশি নম্বর উঠবে। বহুনির্বাচনি অংশে প্রশ্নের উত্তর তোমাকে খুব বুঝে করতে হবে। এটাই তোমার জিপিএ বাড়াতে সাহায্য করবে।
∎ সৃজনশীল অংশ
সৃজনশীল অংশের প্রশ্নের উত্তর অবশ্যই চার ধাপে সঠিক পদ্ধতি অনুসরণ করে লিখবে। প্রতিটি প্রশ্ন জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতা অংশকে প্যারা করে লিখবে। এতে পরীক্ষক খুব সহজেই তোমার লেখা উত্তর বুঝতে পারবে। তবে উত্তর লেখার সময় খেয়াল রাখবে যাতে নির্দিষ্ট সময়ে লেখা শেষ করতে পারো। উত্তরে কোনো ধরনের অপ্রাসঙ্গিক কিছু লিখবে না। অনেক পরীক্ষার্থী অযথাই অপ্রাসঙ্গিক কিছু লিখে খাতা ভরিয়ে রাখে। এটা কখনোই করবে না ।
∎ রিভিশন দাও
মনে রেখো, বিজ্ঞান পরীক্ষার আগে সময়কে ঠিকভাবে কাজে লাগাবে। পরীক্ষার আগে সময় নষ্ট না করে সময়কে কাজে লাগাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, রিভিশন দাও, দেখবে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। লেখা শেষে অবশ্যই পুরো খাতা ভালোভাবে রিভিশন দেবে। রিভিশন দিলেই চোখে পড়বে পরীক্ষার খাতায় কোনো ভুল আছে কি না। আর ভুল থাকলে তা সহজেই ঠিক করতে পারবে। তাই রিভিশনের বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ।
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা