আয় করতে শেখাই, কিন্তু টাকা সামলাতে শেখাই কি—শিক্ষার যে দিকটি উপেক্ষিত

কয়েক বছর আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় শিক্ষার্থীদের নিয়ে একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে একটি বিষয় আমাকে বিশেষভাবে ভাবিয়েছিল। কারখানাটিতে নারী পোশাকশ্রমিকদের ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পারি, সীমিত আয় ও আর্থিক পরিকল্পনার অভাবে অনেক শ্রমিকের বেতন মাস শেষ হওয়ার আগেই ফুরিয়ে যায়। যে কারণে তাঁদের ধারদেনা করতে হয়। কেউ কেউ প্রয়োজনীয় খরচের পাশাপাশি পোশাক ও সাজসজ্জার পেছনেও এমনভাবে অর্থ ব্যয় করেন যে পরে খাবারের খরচ সামলাতে হিমশিম খান।

সেদিনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলাম, অর্থ উপার্জন করাই আর্থিক সক্ষমতার একমাত্র শর্ত নয়; সেই অর্থ কীভাবে ব্যয় করতে হবে, কোন প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে এবং ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে, তা জানাও সমান গুরুত্বপূর্ণ। অথচ আমাদের শিক্ষাব্যবস্থায় এই বাস্তব জীবনদক্ষতা কতটা গুরুত্ব পায়?

করোনাকালে এই প্রশ্নের গুরুত্ব আরও স্পষ্ট হয়েছিল। চাকরি হারানো, ব্যবসায় আয় কমে যাওয়া কিংবা হঠাৎ চিকিৎসার ব্যয়ের মতো পরিস্থিতিতে অনেকেই আর্থিক সংকটে পড়েছিলেন। কারও কারও কয়েক মাসের ব্যয় নির্বাহ করার মতো সঞ্চয়ও ছিল না। জরুরি সঞ্চয় সব সংকট দূর করতে পারে না, তবে বিপদের সময়ে তা কিছুটা আর্থিক নিরাপত্তা দিতে পারে এবং ঋণের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করে।

শিক্ষার্থীদের অর্থ উপার্জনের পাশাপাশি সঠিক ব্যবহারের শিক্ষা দেওয়া জরুরি

শুধু পোশাকশ্রমিকদের মধ্যেই নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও মাসের শেষ দিকে অর্থসংকট ও ধারদেনার প্রবণতা দেখা যায়। শিক্ষাজীবনে অনেকে প্রথমবারের মতো নিজের অর্থ পরিচালনা করতে শেখেন। কিন্তু আয়-ব্যয়ের হিসাব রাখা, প্রয়োজনীয় ব্যয়কে অগ্রাধিকার দেওয়া কিংবা ঋণের পরিণতি বোঝার বিষয়ে যথাযথ দিকনির্দেশনা না পেলে তাঁদের পক্ষে আর্থিক শৃঙ্খলা গড়ে তোলা কঠিন হতে পারে। বাস্তবে, বিভিন্ন পেশার মানুষের মধ্যেও এ ধরনের আর্থিক সংকট দেখা যায়। তাই ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা সবার জন্যই জরুরি।

অবশ্য সীমিত আয় ও অপর্যাপ্ত মজুরি নিজেই আর্থিক সংকটের বড় কারণ হতে পারে। তাই ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার শিক্ষা দিয়ে দারিদ্র্য বা কম মজুরির সমস্যার সমাধান সম্ভব নয়। তবে নিজের আর্থিক সামর্থ্য বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং ভবিষ্যতের সম্ভাব্য সংকট সম্পর্কে প্রস্তুত থাকার শিক্ষা ব্যক্তিপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা কী

ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা (Personal Finance Management) হলো ব্যক্তি বা পরিবারের আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ, ঋণ ও আর্থিক ঝুঁকি পরিকল্পিতভাবে পরিচালনা করার প্রক্রিয়া। এর মাধ্যমে একজন ব্যক্তি নিজের বর্তমান প্রয়োজন পূরণের পাশাপাশি ভবিষ্যতের আর্থিক লক্ষ্য নির্ধারণ ও আর্থিক স্থিতিশীলতা অর্জনের চেষ্টা করেন। এ জন্য বাজেট তৈরি, প্রয়োজন ও ইচ্ছার মধ্যে পার্থক্য বোঝা, জরুরি তহবিল গঠন এবং ঋণের যথাযথ ব্যবহার সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আয় বেশি হলেই আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় না; অর্থ ব্যবহারের ক্ষেত্রে পরিকল্পনার অভাব থাকলে সচ্ছল ব্যক্তিও সংকটে পড়তে পারেন।

শিক্ষাব্যবস্থায় ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা কেন জরুরি

আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে হিসাববিজ্ঞান, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন ও করপোরেট ফাইন্যান্সের মতো বিষয় পড়ানো হয়। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ, বিনিয়োগ ও আর্থিক প্রতিবেদন সম্পর্কে শেখে। কিন্তু নিজের মাসিক বাজেট তৈরি, সঞ্চয়ের পরিকল্পনা, ঋণ ব্যবহারে সতর্কতা কিংবা আর্থিক প্রতারণা থেকে নিরাপদ থাকার মতো বাস্তব বিষয়গুলো শেখার সুযোগ সবার জন্য সমান নয়।

ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা শুধু হিসাব কষার দক্ষতা নয়; এর সঙ্গে দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ, আত্মনিয়ন্ত্রণ ও নৈতিকতারও সম্পর্ক রয়েছে। নিজের সামর্থ্য বিবেচনা না করে ঋণ নেওয়া কিংবা ভবিষ্যতের প্রয়োজন উপেক্ষা করে অর্থ ব্যয় করা ব্যক্তি ও পরিবারকে ঝুঁকিতে ফেলতে পারে। তাই আর্থিক শিক্ষা মানুষকে শুধু অর্থের হিসাব নয়, নিজের সিদ্ধান্তের পরিণতি বুঝতেও সাহায্য করে।

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়—প্রতিটি পর্যায়েই শিক্ষার্থীদের বয়স ও প্রয়োজন অনুযায়ী এ বিষয়ে শিক্ষা দেওয়া যেতে পারে। স্কুলে সঞ্চয়, প্রয়োজন ও ইচ্ছার পার্থক্য এবং সহজ বাজেট তৈরির ধারণা দেওয়া যেতে পারে। কলেজে ব্যক্তিগত ব্যাংকিং, ডিজিটাল লেনদেন, আর্থিক প্রতারণা ও ঋণের ঝুঁকি সম্পর্কে শেখানো যেতে পারে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়-ব্যয়ের পরিকল্পনা, জরুরি তহবিল, বিনিয়োগের প্রাথমিক ধারণা ও আর্থিক লক্ষ্য নির্ধারণের মতো বিষয় অন্তর্ভুক্ত করা যেতে পারে।

এ জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা পূর্ণাঙ্গ কোর্স চালু করা বাধ্যতামূলক নয়। বিদ্যমান পাঠ্যক্রমে একটি অধ্যায় যুক্ত করা, স্বতন্ত্র কোর্স চালু করা কিংবা নিয়মিত কর্মশালা আয়োজনের মাধ্যমেও উদ্যোগ নেওয়া সম্ভব। মূল লক্ষ্য হওয়া উচিত, শিক্ষার্থীরা যেন বাস্তব জীবনে নিজেদের অর্থ সম্পর্কে সচেতন ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারে।

আমরা শিক্ষার্থীদের ভালো চাকরি করতে, ব্যবসা পরিচালনা করতে কিংবা বড় প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনা করতে শেখাই। কিন্তু তাঁদের নিজেদের জীবনের অর্থ কীভাবে পরিচালনা করতে হবে, সে শিক্ষা কি একই গুরুত্ব দিয়ে দিচ্ছি?

শিক্ষার উদ্দেশ্য শুধু কর্মজীবনের জন্য মানুষকে প্রস্তুত করা নয়; বাস্তব জীবনেও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে সক্ষম করে তোলা। তাই ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা হিসেবে বিবেচনা করা প্রয়োজন। কারণ, অর্থ উপার্জনের দক্ষতা মানুষকে আয় করতে সাহায্য করে, আর অর্থ ব্যবস্থাপনার দক্ষতা সেই আয় দিয়ে টেকসই জীবন গড়ে তুলতে সহায়তা করে।

লেখক: রোকসানা পারভীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়