
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস নেওয়া শুরু করেছে। ঢাকা মহানগরীর নির্ধারিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীর ক্লাস চালুর বিষয়ে সরকারের সিদ্ধান্তের অংশ হিসেবে আজ রোববার প্রতিষ্ঠানটির কলেজ শাখার শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হয়।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম প্রথম আলোকে বলেন, এখন স্কুল শাখা তিন দিন বন্ধ (বৈসাবি, চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষের জন্য)। এ জন্য আজ কেবল কলেজ শাখার শিক্ষার্থীদের ক্লাস হয়েছে। অংশগ্রহণ ভালো। ছুটি শেষ হলে আগামী বৃহস্পতিবার স্কুল শাখার শিক্ষার্থীদের জন্যও অনলাইন ক্লাস শুরু হবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মতো ঢাকা মহানগরীর নির্ধারিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীর ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষামূলকভাবে এ শিক্ষা কার্যক্রমের আওতায় শনি, সোম ও বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস হবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি।
বৈশ্বিক জ্বালানিসংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার কথা বিবেচনায় পরীক্ষামূলকভাবে অনলাইন ও সশরীর—এ মিশ্র (ব্লেন্ডেড) পদ্ধতির শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
তবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বাইরে আজ অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীর ক্লাসের এ মিশ্র পদ্ধতি চালু হয়েছে কি না, তা জানা যায়নি।