
যুগের চাহিদা এবং গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ ও পরিকল্পনা প্রণয়নের জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও ইউজিসি অধ্যাপক হাসিনা খানকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন প্রণয়ন করতে বলা হয়েছে।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক নিয়মিত সভায় এই কমিটি গঠন করা হয়। এর আগে ১৬ মে এক সভায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি এটি গঠনের সুপারিশ করেছিল। সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনি বিশ্ববিদ্যালয়কে একটি একাডেমিক মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানানোর প্রেক্ষাপটে পরিকল্পনা প্রণয়ন কমিটিটি করা হলো। উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল সিন্ডিকেটের সভাটি হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা ও গবেষণা কার্যক্রম বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ ও পরিকল্পনা প্রণয়নের জন্য গঠিত কমিটি গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বিবেচনায় নিয়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষা ও গবেষণা কর্মসূচিগুলোর মধ্যে সমন্বয় করবে। প্রয়োজনীয় ক্ষেত্রে পুনর্বিন্যাসের লক্ষ্যে পরামর্শ ও পরিকল্পনা প্রণয়ন করবে। জাতীয় বিভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লবের যুগে নেতৃত্ব দিতে সক্ষম দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে পাঠ্যক্রম ও পাঠ্যসূচির বিষয়বস্তু, পরিধি ও শিখন প্রক্রিয়ার বিষয়ে এই কমিটি পরামর্শ দেবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিল্পায়ন, উদ্যোক্তা তৈরি ও জাতীয় উন্নয়নে অধিকতর সহায়ক গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্র চিহ্নিত করবে কমিটি। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও দেশের অসাম্প্রদায়িক, মানবিক, নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক মূল্যবোধের আরও বিকাশ ঘটানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে পরামর্শ দেবে।
কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
ইউজিসি অধ্যাপক হাসিনা খানের নেতৃত্বাধীন কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের এমিরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অনারারি অধ্যাপক খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অনারারি অধ্যাপক আতিউর রহমান, ইংরেজি বিভাগের খণ্ডকালীন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বায়োমেডিক্যাল ফিজিকস অ্যান্ড টেকনোলজি বিভাগের অনারারি অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সীমা জামান, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ শাহাদৎ হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহ্ মিরান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবু এবং অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান।