নিজেদের মধ্যে ইংরেজি ভাষা চর্চার জন্য অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষার্থীরা গড়ে তুলছেন ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব’। ঢাকা কলেজ ও সরকারি তিতুমীর কলেজে কেমন চলছে ক্লাবের কার্যক্রম, চলুন জানা যাক।

ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ। যাত্রার শুরুতে ইংরেজি শিক্ষায় এ কলেজের বিশেষ সুনাম ছিল। সুনাম ধরে রাখার প্রত্যয়ে গৎবাঁধা পাঠ্যপুস্তকের বাইরে শিক্ষার্থীদের নিজেদের ইংরেজি চর্চার জন্য একটি সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন নজরুল ইসলাম। ইংরেজি বিভাগের এই শিক্ষার্থীর উদ্যোগে ২০১৭ সালে ৪ জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। সার্বিক সহযোগিতা করেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ ও বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান পুরঞ্জয় বিশ্বাস। বর্তমানে ২২ জনের একটি কার্যনির্বাহী পরিষদের সঙ্গে প্রায় ৪৫০ সদস্য সক্রিয়ভাবে কাজ করছেন ক্লাবটিতে।
‘স্পিক ফর স্মার্টনেস, স্ট্যান্ড ফর পিস’ মূলমন্ত্র ধারণ করে যাত্রা শুরু করা ক্লাবটি নানামুখী কার্যক্রমে শিক্ষার্থীদের নজর কেড়েছে এরই মধ্যে। কুইজ, ইংলিশ অলিম্পিয়াড, ইংরেজি বিতর্ক, পাবলিক স্পিকিংসহ ২৫টি ভিন্ন ভিন্ন আয়োজন করে ক্লাবটি। ক্লাবের আয়োজনে ২০১৮ ও ২০১৯ সালে বড় পরিসরে অনুষ্ঠিত হয় ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল, যেখানে সারা দেশ থেকে ১৪৫টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা অংশ নেন। শিক্ষার্থীদের নিয়মিত ইংরেজি চর্চার জন্য সাপ্তাহিক অধিবেশনের পাশাপাশি তিন মাস অন্তর ইংরেজি ভাষা নিয়ে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। ব্যক্তিগত ও পেশাগত জীবনে শিক্ষার্থীরা যেন এগিয়ে থাকে, সেই প্রস্তুতিই চলে এসব অধিবেশনে।
স্বপ্নের ক্লাব নিয়ে ভবিষ্যৎ–ভাবনা জানতে চাইলে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। এ ক্লাবের সদস্যরা দেশের মধ্যে সঠিক ইংরেজি চর্চার বিকাশে কাজ করছেন। ক্লাবের কার্যক্রমের পরিধিও ভবিষ্যতে আরও বাড়বে বলে বিশ্বাস করি। ফলে ক্লাবের সদস্যরা সার্বিক ইংরেজির দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বচর্চার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দক্ষতার দিক থেকে যে পার্থক্য দেখা যায়, সেটিও কমে আসবে বলে মনে করি।’
২০১৮ সালে সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগে ভর্তি হন জাহিদ হাসান। ভর্তির কিছুদিন পর উপলব্ধি করেন, নিজে ইংরেজির ছাত্র হওয়া সত্ত্বেও সত্যিকার অর্থে ইংরেজি চর্চার সুযোগ তিনি পাচ্ছেন না। কেননা, পাঠ্যবইয়ের ইংরেজি শুধুই পরীক্ষানির্ভর। তখন ইংরেজির দক্ষতা বাড়ানোর জন্য একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার স্বপ্ন দেখেন, আর স্বপ্নটা ভাগাভাগি করে নেন বন্ধু মামুন হোসাইনের সঙ্গে। দুজনের উদ্যোগে ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি কলেজে শুরু হয় ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব’–এর যাত্রা।
‘মেক ইয়োর ইংলিশ বেটার দ্যান বিফোর’ হলো ক্লাবের মূলমন্ত্র। শিক্ষার্থীদের আগ্রহ ও সংগঠনের সক্রিয়তা দেখে আনন্দিত কলেজের শিক্ষকেরাও। কয়েক শিক্ষক প্রত্যক্ষভাবেও এ ক্লাবের সঙ্গে যুক্ত। বর্তমানে ক্লাবের উপদেষ্টা হিসেবে কাজ করছেন কলেজের ইংরেজি বিভাগের তিন শিক্ষক। সংগঠনের কাজ আরও ত্বরান্বিত করতে মামুন হোসাইনকে সভাপতি ও জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে গড়ে উঠেছে ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি। বর্তমানে প্রায় ৩৫০ সদস্য ক্লাবে সক্রিয়ভাবে ইংরেজি চর্চা করছেন।
যাত্রা শুরুর পর থেকে ক্লাবটি সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের নিয়ে অফলাইন ও অনলাইনে ৯৮টি সাপ্তাহিক অধিবেশন আয়োজন করেছে। ক্লাবের কার্যক্রমকে সবার মধ্যে ছড়িয়ে দিতে ওয়েবসাইটও তৈরি করা হয়েছে।
সাপ্তাহিক এসব কার্যক্রমের বাইরে বেশ কিছু মাসিক কার্যক্রমও পরিচালনা করে এই ক্লাব। ইংলিশ রাইটিং কমপিটিশন, পাবলিক স্পিকিং কমপিটিশন, ইংরেজি সাহিত্য আড্ডা, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কুইজসহ নানামুখী আয়োজনে থাকে পুরস্কারের ব্যবস্থাও। ফলে শিক্ষার্থীরাও আগ্রহভরে অংশ নেন এসব প্রতিযোগিতায়। ক্লাবকে ইংরেজি চর্চার একটি উন্মুক্ত মঞ্চ হিসেবে গড়ে তুলতে চান কার্যনির্বাহী কমিটির সভাপতি মামুন হোসাইন। তিনি বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য—শুদ্ধ ও সাবলীলভাবে ইংরেজি ভাষা নিজে শেখা এবং অন্যকে শেখানো। সরকারি তিতুমীর কলেজে ইংরেজি শেখার একটা পরিবেশ গড়ে তোলার জন্যও আমরা কাজ করে যাচ্ছি।’ সাধারণ সম্পাদক জাহিদ হাসান যোগ করলেন, ‘ইংরেজি চর্চার পাশাপাশি আমরা এখানে নেতৃত্বচর্চার সুযোগ পাচ্ছি, যা কর্মক্ষেত্রে আমাদের এগিয়ে রাখবে বলে আশা রাখি।’