
২০২০ সালের সামার সেমিস্টারে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড বা শিক্ষার্থী সহায়তা তহবিল চালু করেছিল ব্র্যাক ইউনিভার্সিটি। সামার ২০২১ সেমিস্টারেও এই তহবিল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চ্যাং এই ঘোষণা দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে এই সংকটের সময়ে শিক্ষার্থীদের কল্যাণে আমরা সব সময় একধাপ এগিয়ে কিছু করার চেষ্টা করেছি।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, আগের সেমিস্টারগুলোর মতোই আর্থিক সহায়তা পাবেন শিক্ষার্থীরা। প্রত্যেক শিক্ষার্থী ‘নন-টিউশন ফি’ এর ক্ষেত্রে শতভাগ ওয়েভারসহ ১০% টিউশন স্কলারশিপ পাবেন। এ ছাড়া সীমিত সংখ্যক শিক্ষার্থী প্রয়োজনের ভিত্তিতে ১০% থেকে শুরু করে ১০০% টিউশন স্কলারশিপের সুবিধাও পেতে পারেন।
ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত তিনটি সেমিস্টারে শিক্ষার্থীদের প্রায় ৬৬ কোটি টাকার অর্থ সহায়তা দেওয়া হয়েছে।