
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ২০২৭ সালের ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশ নিতে যোগ্য গ্র্যাজুয়েট ও গবেষকদের অনলাইনে নিবন্ধনের জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করা হচ্ছে। সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিদের ১৫ অক্টোবর দুপুর ১২টা থেকে আগামী ২০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সমাবর্তন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৮–২০১৯ থেকে ২০২০–২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)/বিবিএ/সমমান ডিগ্রিধারীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। এ ছাড়া ২০১৬–২০১৭ থেকে ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর/এমবিএ/সমমান ডিগ্রিধারীরাও অংশগ্রহণের সুযোগ পাবেন। স্নাতকোত্তরের এমফিল, পিএইচডি এবং বিভিন্ন প্রফেশনাল ও সান্ধ্যকালীন প্রোগ্রাম থেকে নির্ধারিত সময়ে ডিগ্রি অর্জনকারীরাও শর্ত সাপেক্ষে সমাবর্তনে অংশ নিতে পারবেন।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য স্নাতক (সম্মান)/বিবিএ/সমমানের রেজিস্ট্রেশন ফি পাঁচ হাজার টাকা ও মূল সনদ ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্নাতকোত্তর/এমবিএ/সমমানের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ছয় হাজার টাকা ও মূল সনদ ফি ৫০০ টাকা। এমফিল/পিএইচডির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ৬ হাজার ৫০০ টাকা ও মূল সনদ ফি এক হাজার টাকা। আর স্নাতকোত্তর (প্রফেশনাল/সান্ধ্যকালীন) প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন ফি আট হাজার টাকা ও মূল সনদ ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাবর্তনে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। সমাবর্তন–সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।