
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুদ্ধের প্রভাবে বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় জ্বালানি ব্যবহার কমানো ও সরকারি ব্যয় হ্রাসে নানা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। এর অংশ হিসেবে আগামী সপ্তাহ থেকে দেশটির সব স্কুল দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস চলবে অনলাইনে।
রয়টার্স ও দ্য ডনের খবরে বলা হয়েছে, দেশটির সব স্কুল ১৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন ক্লাস চলবে ১৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত।
গতকাল সোমবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এসব ঘোষণা দেন। তিনি বলেন, অর্থনীতি স্থিতিশীল রাখতে সরকার কঠিন সব সিদ্ধান্ত নিচ্ছে। জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকারি দপ্তরগুলোতে দুই মাসের জন্য জ্বালানিভাতা ৫০ শতাংশ কমানো হবে। এ ছাড়া বাস ও অ্যাম্বুলেন্স ছাড়া সরকারি যানবাহনের ৬০ শতাংশ সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হবে। প্রয়োজনীয় সেবা ছাড়া সরকারি দপ্তরগুলোতে মাত্র ৫০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসে কাজ করবেন, বাকিরা ঘরে বসে বা হোম অফিসে কাজ করবেন। একই সঙ্গে সরকারি অফিস সপ্তাহে চার দিন খোলা থাকবে।
সরকারি ব্যয় কমাতে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের খরচ ২০ শতাংশ কমানো, নতুন গাড়ি, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ও আসবাব কেনা বন্ধ রাখা এবং মন্ত্রী ও কর্মকর্তাদের অধিকাংশ বিদেশ সফরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
গত সপ্তাহে পাকিস্তানে পেট্রল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৫৫ রুপি বাড়ানো হয়েছে, যা দেশটির ইতিহাসে একবারে সর্বোচ্চ বৃদ্ধি। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক বাজারে তেলের দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।