ইডেন মহিলা কলেজ
ইডেন মহিলা কলেজ

ইডেন কলেজে ফিরছে এইচএসসি পাঠদান

রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ে পাঠদান কার্যক্রম আবার চালুর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে একটি প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত গত ২৫ মার্চের এক আদেশে এ তথ্য জানানো হয়। পত্রটি মাউশির মাধ্যমে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের পত্রে উল্লেখ করা হয়েছে, ইডেন মহিলা কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান কার্যক্রম আবার চালুর আবেদন বিবেচনার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা প্রয়োজন। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটিতে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান কার্যক্রম কত সালে এবং কী কারণে বন্ধ হয়েছিল।

এ ছাড়া বর্তমানে আবার উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান চালু করা হলে সরকারের অতিরিক্ত কোনো অর্থ বরাদ্দের প্রয়োজন হবে কি না, তা জানা প্রয়োজন।

মন্ত্রণালয় থেকে চাওয়া তথ্যাদি উল্লেখপূর্বক একটি প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে প্রেরণের জন্য ইডেন মহিলা কলেজের অধ্যক্ষকে অনুরোধ জানানো হয়েছে।