দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করা দেশের ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। কেন তাদের ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে না—নোটিশে প্রতিষ্ঠানগুলোকে লিখিতভাবে ১৬ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের যেসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না, সেসব প্রতিষ্ঠানকে আগামী (২০২৭-২৮) শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিতসহ প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, ১৬ জুলাইয়ের মধ্যে তার যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান–সংক্রান্ত নীতিমালা-২০২০–এর বিধি ৫.৪ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ভর্তি, ফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাব, যন্ত্রপাতি, লাইব্রেরি, পাঠদানের অনুমতিকালে আরোপিত এবং অন্যান্য প্রযোজ্য শর্তাবলি পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড পাঠদানের অনুমতি বাতিল, প্রত্যাহার করতে পারবে।