শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়

একযোগে ভূতাপেক্ষ পদোন্নতি পেলেন সরকারি কলেজের ২০৬ শিক্ষক

বহু বছর পর বিভিন্ন সরকারি কলেজের ২০৬ শিক্ষককে একযোগে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি জানানো হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে কেউ দুটি, আবার কেউ তিনটি পদোন্নতি পেয়ে প্রভাষক থেকে অধ্যাপক হয়েছেন। তাঁদের মধ্যে ১৯৯৫ সালে পদোন্নতি পাওয়া শিক্ষকও রয়েছেন।

আত্তীকরণ বিধিমালা ২০০০ অনুযায়ী এই শিক্ষকেরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। এই শিক্ষকেরা সবাই ভূতাপেক্ষ পদোন্নতি পাবেন। তবে তাঁদের ভূতাপেক্ষিক পদোন্নতি শুধু বেতন নির্ধারণের জন্য গণনা করা হবে। কেউ কোনো বকেয়া প্রাপ্য হবেন না। পদোন্নতি, জ্যেষ্ঠতা ও বিধিসংক্রান্ত একাধিক মামলার রায় বাস্তবায়ন না করাসহ বিভিন্ন কারণে তাঁদের পদোন্নতি আটকে ছিল। এই শিক্ষকদের মধ্যে অনেকেই ইতিমধ্যে অবসরে গেছেন বলে জানা গেছে।

পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ঢাকার গত বছরের ২৭ নভেম্বরের রায়, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের ২০১৮ খ্রিষ্টাব্দের ১ আগস্টের রায় ও রায় বাস্তবায়ন মামলার আদেশ প্রতিপালনক্রমে মামলার পিটিশনার শিক্ষকদের নির্দিষ্ট তারিখ থেকে ভূতাপেক্ষিক পদোন্নতি দেওয়া হলো। বর্তমানে কর্মরত পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকেরা নিজ নিজ প্রতিষ্ঠানে ইনসিটু হিসেবে যোগদান করবেন। অন্য শিক্ষকেরা প্রযোজ্যতা অনুযায়ী ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ভূতাপেক্ষিক যোগদান করবেন।

*পদোন্নতি পাওয়া শিক্ষকদের তালিকা দেখুন এখানে