সাত কলেজের লোগো
সাত কলেজের লোগো

সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয়: আবার পর্যালোচনা হচ্ছে

জাতীয় নির্বাচনের মাত্র চার দিন আগে তড়িঘড়ি করে ঢাকার সাতটি বড় সরকারি কলেজের জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ নামে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এরপর আবার নির্বাচন হওয়ার পর নতুন সরকারের শপথের ঠিক দুদিন আগে ১৫ ফেব্রুয়ারি নতুন এই বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্যও নিয়োগ করে যায় অন্তর্বর্তী সরকার।

এখন নতুন সরকার ঘোষণা দিয়েছে সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কমিটি করে পর্যালোচনা করা হচ্ছে। আজ বুধবার সচিবালয়ে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা, মাদ্রাসার অষ্টম শ্রেণি ও পঞ্চম শ্রেণি (ইবতেদায়ি) বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন বিগত সরকারের কিছু তড়িঘড়ি সিদ্ধান্ত ছিল। এর মধ্যে সাত কলেজ নিয়ে তড়িঘড়ি করে একটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। জবাবে শিক্ষামন্ত্রী বলেন সাত কলেজ নিয়ে তড়িঘড়ি করেছে কি, করেনি, এটি একটি কমিটি করে পর্যালোচনায় আনা হচ্ছে।

ঢাকার এই সাত কলেজ ঘিরে সংকট নতুন নয়। ২০১৭ সালে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। দীর্ঘদিনের প্রশাসনিক ও একাডেমিক জটিলতার মধ্যে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছরের জানুয়ারিতে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেওয়া হয়। এরপর সরকার কলেজগুলো একীভূত করে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেয়। তবে প্রস্তাবিত কাঠামো নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মতভেদ দেখা দেয়, শুরু হয় আন্দোলন। এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় অধ্যাদেশের খসড়া নতুন করে পরিমার্জন করে, যেটি সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন করা হয়েছে। এরপর ৮ ফেব্রুয়ারি অধ্যাদেশ জারি হয়।

কাগজপত্রে ভাষায় ভিন্নতা থাকলেও নতুন বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতোই হবে। এখন ঢাকার সাতটি কলেজ নতুন বিশ্ববিদ্যালয়টির সঙ্গে ‘সংযুক্ত’ কলেজ হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। ২০১৭ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং তার আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধিভুক্ত’ কলেজ হিসেবে চলেছে এসব কলেজ।

অধ্যাদেশে বলা হয়েছে, ঢাকা মহানগরের সাতটি কলেজে (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘সংযুক্ত কলেজ’ হিসেবে থাকবে এবং কলেজগুলোর পরিচয়, বৈশিষ্ট্য, অবকাঠামো ও স্থাবর-অস্থাবর সম্পত্তি ও অন্যান্য বিদ্যমান সুযোগ-সুবিধা অক্ষুণ্ন থাকবে।