
দেশের টেক্সটাইল শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৭ শিক্ষাবর্ষের জন্য স্নাতকোত্তর (এমএসসি) প্রোগ্রামগুলোয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫ অক্টোবর অনলাইনে আবেদন গ্রহণের কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত (ফুলটাইম ও পার্টটাইম) এই স্নাতকোত্তর প্রোগ্রামগুলোয় দেশ–বিদেশের মানসম্মত টেক্সটাইল ও ফ্যাশনশিল্পে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই আবেদন আহ্বান করা হয়েছে।
বুটেক্সের পাঁচটি ভিন্ন অনুষদের আওতায় বেশ কয়েকটি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রির সুযোগ রয়েছে। এর মধ্যে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের অধীনে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্সের মতো সাতটি বিভাগে প্রতিটিতে ১৫টি করে আসন রয়েছে। এ ছাড়া এমএসসি ইন সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইলস কোর্সের অধীনে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৫টি এবং এমএসসি ইন ফ্যাশন মার্চেন্ডাইজিং অ্যান্ড রিটেইলিং কোর্সের অধীনে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগে ১৫টি আসনে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে বুটেক্স অথবা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনে সিজিপিএ ৪.০০–এর স্কেলে ন্যূনতম ৩.০০ অথবা প্রথম শ্রেণি পাওয়া প্রার্থীরাই কেবল আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। আগ্রহী ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের বুটেক্সের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট এ গিয়ে ‘এমএসসি অ্যাডমিশন’ আইকন থেকে কাঙ্ক্ষিত কোর্সটি নির্বাচন করে অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
বুটেক্সে ২০২৭ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর ভর্তি ২৫ অক্টোবর শুরু এবং ৪ ডিসেম্বর ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ ও ফি
২৫ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দুই হাজার টাকা আবেদন ফি প্রদান করে প্রার্থীরা তাঁদের আবেদন জমা দিতে পারবেন।
ভর্তি পরীক্ষার নম্বর
১০০ নম্বরের দেড় ঘণ্টাব্যাপী লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ ডিসেম্বর। এ পরীক্ষায় ডিপার্টমেন্টাল বিষয়ে ৪০ নম্বর, জেনারেল টেক্সটাইল বিষয়ে ৪০ নম্বর এবং ইংরেজি ভাষায় ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১০ ডিসেম্বর।
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত মেধাতালিকার ভিত্তিতেই চূড়ান্তভাবে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। ভর্তিসংক্রান্ত সব ধরনের তথ্য বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া যেকোনো প্রয়োজনে রেজিস্ট্রার কার্যালয়ের একাডেমিক সেকশনের নির্ধারিত মোবাইল নম্বরে (০১৫৫৪–৯২৬২২০) সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।