জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০১৯ সালের জন্য ছয়জন, ২০২০ সালের জন্য পাঁচজন এবং ২০২১ সালের জন্য পাঁচজন শিক্ষার্থী রয়েছেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের, ইউজিসির অফিশিয়াল ওয়েবসাইট (www.ugc.gov.bd)-এর সম্মাননা সেবাবক্সের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ লিঙ্কে পাওয়া যাবে; ওই তালিকার বিষয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো মতামত, আপত্তি কিংবা বক্তব্য থাকলে, তা প্রয়োজনীয় প্রমাণকসহ ৩১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালক, রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর লিখিতভাবে অথবা ই-মেইলের (award.ugc2026@gmail.com) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। উল্লিখিত সময়ের পর আর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না এবং প্রকাশিত তালিকাটিই চূড়ান্ত বলে গণ্য হবে।

২০১৯ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ছয় শিক্ষার্থী হলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মো. সাগর ইসলাম, পরিসংখ্যান বিভাগের মো. ইসমাইল হোসাইন রিদয়, ইসলামিক স্টাডিজ বিভাগের সুরাইয়া বিনতে রফিক, অর্থনীতি বিভাগের মিতু রানী রায়, আইন বিভাগের মাহমুদা আমির ইভা এবং মাইক্রোবায়োলজি বিভাগের শারমিন আক্তার। তাঁরা সবাই ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

২০২০ সালের জন্য মনোনীত পাঁচজন হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অনুরাধা পাল, মার্কেটিং বিভাগের মো. নয়ন হোসাইন, গণিত বিভাগের তাসলিমা আক্তার, লোকপ্রশাসন বিভাগের মাহাবুবুল আলম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. আনিক মিয়া। তারা ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে, ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের রুনা আক্তার, পরিসংখ্যান বিভাগের রেহানা আক্তার তামিম, নৃবিজ্ঞান বিভাগের লায়লা নিগার তানভী, আইন বিভাগের হামিদা সুলতানা এবং ফার্মেসি বিভাগের মৌসুমি আক্তার মিতু। তারা ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রবর্তিত একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। ২০০৫ সালে এ পদক চালু করা হয়। বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী এবং প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের এ পদকের জন্য নির্বাচিত করা হয়।

গত ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করার বিষয়ে জানানো হয়। মনোনীত শিক্ষার্থীদের ১ অক্টোবর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৬৯ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।