এস এম এ ফায়েজ, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
এস এম এ ফায়েজ, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়

ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়েছেন অধ্যাপক এস এম এ ফায়েজ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কমিশনের চেয়ারম্যানের পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন আবেদনে।

আজ সোমবার (১৬ মার্চ ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে তিনি এ আবেদন পাঠান। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

২০২৪ সালের গণ–অভ্যুত্থানের পর ওই বছরের ৫ সেপ্টেম্বর ইউজিসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন এস এম এ ফায়েজ।

বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে ২০০২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সাময়িক নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এস এম এ ফায়েজ। উপাচার্য হিসেবে দীর্ঘ ৬ বছর দায়িত্ব পালন করেন তিনি।

এর আগে এস এম এ ফায়েজ সরকারি কর্মকমিশন (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৩ সালের ৭ মার্চ থেকে ১৯৯৮ সালের ৫ মার্চ পর্যন্ত পাঁচ বছর পিএসসির চেয়ারম্যান ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ইউজিসির চেয়ারম্যান ও সদস্যদের সরিয়ে দেওয়া হয়। ৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক এস এম এ ফায়েজকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয় ইউজিসির চেয়ারম্যান হিসেবে। মেয়াদের এখনও দুই বছরের বেশি বাকি থাকা অবস্থায় তিনি অব্যাহতি চেয়ে আবেদন করলেন।