বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিইউএফটিতে দুই দিনব্যাপী কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) পরিবেশবিজ্ঞান বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও পরিবেশবিষয়ক ক্লাবের যৌথ উদ্যোগে ১০ ও ১১ জুন—দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি, র‍্যালি, স্পোগোমি টুর্নামেন্ট, গোলটেবিল আলোচনা এবং বিইউএফটি ও চারটি পরিবেশবিষয়ক প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। এতে সভাপতিত্ব করেন উপাচার্য আইয়ুব নবী খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির, সহ–উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হোসেন, প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির চেয়ারম্যান শফিকুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল জলিল, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।