নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) তিন দিনব্যাপী ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) আয়োজনে এমজিএইচ গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই ক্যারিয়ার ফেয়ারের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ইকবাল আলী শিমুল; এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার; এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ; এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী; এনএসইউর সহ–উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান।
এনএসইউ ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের পরিচালক ফারজানা নাহিদ উদ্বোধনী বক্তব্যে বলেন, ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার শিক্ষাজীবন থেকে পেশাজীবনকে সহজ করতে নেটওয়ার্কিং, দক্ষতা বিকাশ ও ক্যারিয়ার অনুসন্ধানকে উৎসাহিত করে।
সৈয়দ ইকবাল আলী শিমুল বলেন, এ ধরনের ক্যারিয়ার ফেয়ার কেবল নিয়োগের ইভেন্ট নয়; এটি শিক্ষণ, অনুপ্রেরণা ও মূল্যবান সংযোগের প্ল্যাটফর্ম।
অধ্যাপক আবদুর রব খান বলেন, এই ক্যারিয়ার ফেয়ারে শিক্ষার্থীরা সরাসরি নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন।
অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ বলেন, ক্যারিয়ার ফেয়ার হলো এমন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষা ও চাকরির সংযোগ ঘটে এবং স্বপ্ন বাস্তবে রূপ পায়।
বেনজীর আহমেদ বলেন, এটি শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের জন্য মূল্যবান সুযোগ আর অংশগ্রহণকারী কোম্পানিগুলো তাদের প্রয়োজন অনুযায়ী যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের খুঁজে পাবে।
আজিজ আল কায়সার বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের কেবল চাকরির জন্য নয়, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য প্রস্তুত করা। প্রযুক্তি, বৈশ্বিক অনিশ্চয়তা ও পরিবর্তনের এই যুগে এ বিশ্বাস আরও প্রাসঙ্গিক। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করা যাতে তারা জীবনের বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করতে পারে।’
অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, এই ইভেন্টে শতাধিক দেশি ও আন্তর্জাতিক কোম্পানি অংশ নিচ্ছে। তাঁরা শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জানাবেন কীভাবে আর কখন তাঁরা নিয়োগ করেন এবং নিয়োগপ্রক্রিয়া ব্যাখ্যা করবেন। এটি শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য শেখার, নিজেকে মূল্যবান করার এবং চাকরির অনুসন্ধানের একটি সুবর্ণ সুযোগ।
প্রথম দিন শিল্প ও উৎপাদন খাত—
শিল্পের দৃষ্টিভঙ্গি, ক্যারিয়ারের সম্ভাবনা এবং ভবিষ্যৎ; ঔষধ ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে ক্যারিয়ার: নিয়োগ ও অনবোর্ডিংয়ে সেরা অনুশীলন; ভবিষ্যৎ কর্মী বাহিনীর দক্ষতা, সরঞ্জাম এবং শিল্প প্রবৃদ্ধির জন্য প্রস্তুতি শীর্ষক তিনটি সেশন অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিন
২ ফেব্রুয়ারি জেনারেটিভ এআই এবং ভবিষ্যতের চাকরির বাজার; বহুজাতিক এফএমসিজি কোম্পানিতে ক্যারিয়ার; ক্যারিয়ার প্রস্তুতি তৈরি: স্টার্টআপগুলোয় এইচআর ক্যারিয়ারের পথের সাথে সিভি লেখা, সাক্ষাৎকার এবং এফজিডি দক্ষতা; মিডিয়া এবং সম্প্রচারে ক্যারিয়ার; চাকরি, ক্ষতিপূরণ এবং ক্যারিয়ার বৃদ্ধি: শিল্প অন্তর্দৃষ্টি; স্নাতক নিয়োগযোগ্যতা দক্ষতা: সিভি লেখা, সাক্ষাৎকার এবং এফজিডি শীর্ষক সেশন অনুষ্ঠিত হবে।
শেষ দিন ৩ ফেব্রুয়ারি ২০২৬
আর্থিক পরিষেবায় চাকরি: ফিনটেক এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান; ব্যাংকিং সেক্টর: ক্যারিয়ারের সম্ভাবনা এবং কর্মসংস্থানের সুযোগ (মিট দ্য সিইও) শীর্ষক দুটি সেশনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন।