যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের (এসিআই) শরৎকালীন মর্টার ওয়ার্কেবিলিটি প্রতিযোগিতায় সামগ্রিকভাবে প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি দল। গত রোববার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশ্বের বিভিন্ন দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) একটি দল সামগ্রিকভাবে চতুর্থ স্থান অর্জন করে। এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের এই দুটি দল সব মিলিয়ে চারটি পুরস্কার পেয়েছে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের এমন একটি বালু-সিমেন্ট মিশ্রণের নকশা করতে হয়, যা দ্রুত প্রবাহিত হয়, স্থিতিশীল থাকে এবং যার খরচ ও কার্বন নিঃসরণ কম। প্রবাহ, অবক্ষেপণ, কারিগরি প্রতিবেদন, খরচ ও গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালের ভিত্তিতে দলগুলোর মূল্যায়ন করা হয়।
সামগ্রিক দক্ষতায় প্রথম স্থানের পাশাপাশি ব্যয়সাশ্রয়ী নকশা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে চুয়েট দল। আইইউটি দল পরিবেশবান্ধব নকশা বিভাগে দ্বিতীয় এবং কংক্রিটের নান্দনিকতা প্রতিযোগিতায় বিচারকদের পছন্দে দ্বিতীয় স্থান লাভ করে।
চুয়েট দলের ফ্যাকাল্টি উপদেষ্টা ছিলেন এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক জি এম সাদিকুল ইসলাম এবং আইইউটি দলের উপদেষ্টা ছিলেন চ্যাপ্টারের সভাপতি মো. তারেক উদ্দিন। এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক ও বুয়েটের অধ্যাপক সাইফুল আমিন আটলান্টায় দলগুলোর সঙ্গে উপস্থিত ছিলেন।
চুয়েট দলের সদস্যরা হলেন ফাহাদ আলম, সানি উল হক, রূপম পোদ্দার, তানজিম মুসাররাত তুষিন, মো. সাইজুদ্দিন ফরহাদ, সরূপ চন্দ্র মোদক, সুমাইয়া বিনতে মান্নান ও সৈয়দ মো. আমির হামজা মাহমুদ মাহাদী। আইইউটি দলের সদস্যরা হলেন আরিনা তাহরিন আমিন, রাজিত মুহাম্মদ চৌধুরী, জাসিয়া জুবায়ের, লামিয়া তাবাসসুম, এস এম রাগিব শাহরিয়ার, মো. হুমায়েদ তাহসিন হক, মো. মাহাদী হাসান নিলয় ও মো. জুহায়ের আনজুম।