
প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনা মূল্যে স্কুলড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সরাসরি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ কথা জানান।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে প্রশ্নোত্তর পর্বে সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদী সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন কার্যক্রমের কী কী অগ্রগতি হয়েছে, তা নিয়ে প্রশ্ন করেন। তাহসিনা রুশদীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। ইতিমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষিত কতিপয় গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। এ অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মধ্যে বিনা মূল্যে স্কুলড্রেস বিতরণের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘কারিগরি ও ভাষাদক্ষতা উন্নয়নে আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান করা হবে, ৩৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা দেওয়া হবে। ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে জুন, ২০২৬-এর মধ্যে ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণসীমা ৩ লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার আগেই সার্টিফিকেট অব এলিজিবিলিটির (সিওই) ভিত্তিতে এ ঋণ প্রদান সহজীকরণ করা হয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে আজ বুধবার বেলা তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।