জেন্ডার সমতা ও গবেষণার বাতিঘর

আজকের শিক্ষিত তরুণ প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। সুশিক্ষায় শিক্ষিত মানুষই পারে দেশকে সামনে এগিয়ে নিতে। শিক্ষার যথাযথ বিকাশের অন্যতম জায়গা হলো গবেষণা। আর এই ধারাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নতুন সংযোজন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যাঁর নেতৃত্বে আজ আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর সব অর্জন ও প্রকৃত অর্থে জাতির জনক হয়ে ওঠার পেছনে যাঁদের অবদান সবচেয়ে বেশি, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব তাঁদের অন্যতম। তিনি ছিলেন জাতির জনকের বিশাল সংঘাতময় রাজনৈতিক যাত্রার সফল সার্বক্ষণিক সহযোদ্ধা ও অনুপ্রেরণার উৎস। বেগম ফজিলাতুন্নেছা বাঙালির স্বাধীনতাসংগ্রামে প্রেরণাদাত্রী এক মহীয়সী নারী। মুক্তিসংগ্রামের বিভিন্ন ধাপে বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর পাশে থেকে সাহস জুগিয়েছেন তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা। ব্যক্তিগত ও সাংসারিক জীবনের পাশাপাশি আত্মপ্রত্যয়ী বঙ্গমাতার দৃঢ় পদক্ষেপ ও চৌকস পরামর্শ রাজনৈতিক অঙ্গনে জাতির পিতাকে করেছিল আরও বলিষ্ঠ ও প্রজ্ঞাবান।

দুঃখজনক হলেও সত্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অসামান্য অবদান এখনো যথাযথভাবে প্রকাশ্যে আসেনি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার অবদানের প্রতি শ্রদ্ধা রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ৮ নভেম্বর ২০২১ ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ প্রতিষ্ঠা করেছে। এই সেন্টারের মূল লক্ষ্য বঙ্গমাতার সব অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়া; নারীদের স্বীকৃতি, অধিকার ও সমতা প্রদান এবং বাংলাদেশে তাঁদেরকে উন্নয়নের এজেন্ট হিসেবে পরিণত করা। তা ছাড়া এই সেন্টার শিক্ষা, গবেষণা ও অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে জেন্ডার সমতা, ন্যায়বিচার, ক্ষমতায়ন এবং সমসাময়িক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় উন্নয়ন নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা পালন করতে বদ্ধপরিকর। এই সেন্টার নারী, ট্রান্সজেন্ডার ও সব শ্রেণির মানুষের উন্নয়ন, নীতি অধ্যয়ন ও সমসাময়িক সমস্যা–সম্পর্কিত সব বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে গবেষণার মাধ্যমে একাডেমিক ভূমিকা পালন করতে চায়। বহির্বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিনিময় কর্মসূচির প্রচার ও প্রসারের মাধ্যমে একাডেমিক সূত্রগুলো শক্তিশালী করা এই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। তা ছাড়া বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারকদের জন্য প্রশিক্ষণ, অ্যাডভোকেসি, ওয়ার্কশপ ও সেমিনারের মাধ্যমে জেন্ডার সংবেদনশীলতা ও সচেতনতা প্রচার এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে গবেষণা কার্যক্রমে উদ্বুদ্ধকরণের জন্যও এই সেন্টার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

ইতিমধ্যে সেন্টারের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে ৭ ও ৮ আগস্ট ‘Bangamata: A Paragon of Womens Leadership and Nation Building in Bangladesh’ শীর্ষক দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে। ৮ আগস্ট বঙ্গমাতার জন্মদিনের শুভক্ষণে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর এই পদক্ষেপ সেন্টারের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও প্রাণবন্ত করে তুলবে।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা হিসেবে জেন্ডার সচেতনতা ও অন্তর্ভুক্তকরণ উন্নয়ন নিশ্চিতের জন্য এই সেন্টার গবেষণাধর্মী বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি আ্যাকশন বেজড পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, উদ্বেগ, প্রভাব ও এগিয়ে যাওয়ার পথ বিবেচনায় এই সেন্টার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে গবেষণা পরিকল্পনা গ্রহণ করেছে। এই সেন্টার দেশ–বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করার মাধ্যমে জ্ঞানের বিকাশকে আরও সহজ করতে চায়। এই সেন্টার তরুণদের কর্মপরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রেখে গবেষণায় জেন্ডার লেন্স অন্তর্ভুক্তকরণের উদ্দেশ্যে নিয়মিতভাবে জেন্ডারবিষয়ক গবেষণা ও সেমিনার আয়োজন করার পদক্ষেপ গ্রহণ করেছে। তরুণদের পাশাপাশি অন্য পেশাজীবীদের ‘জেন্ডার ট্রেনিং ফর প্রফেশনালস’ শীর্ষক উদ্যোগ গ্রহণ এই সেন্টারের অন্যতম লক্ষ্য। এ ছাড়া তরুণ শিক্ষার্থীদের জন্য বছরে দুটি জেন্ডার সার্টিফিকেট কোর্সের আয়োজন করা ও তরুণদের গবেষণায় উদ্বুদ্ধ করার জন্য ‘রিসার্চ হাব’ গড়ে তোলা হবে, যার মাধ্যমে তারা গবেষণার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, আর্থিক অনুদান পাবে।

সেন্টারের পক্ষ থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সব বিভাগের মধ্য থেকে জেন্ডার ও উন্নয়নবিষয়ক শ্রেষ্ঠ থিসিস সম্পন্নকারীকে তরুণ গবেষক সম্মাননায় ভূষিত করা হবে। পরবর্তী সময়ে দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোকেও এই কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে।

ডিজিটাল প্ল্যাটফর্মের সময়োপযোগী ব্যবহারের মাধ্যমে জেন্ডার সমতা ও সংবেদনশীলতা অর্জনের লক্ষ্যে একটি জেন্ডার নিউজ পোর্টাল গড়ে তোলার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমকে আরও জোরদার করতে এই সেন্টার বদ্ধপরিকর। জ্ঞান–বিজ্ঞানের চর্চাকে বিকশিত করার জন্য জার্নাল, ওয়ার্কিং পেপার সিরিজ, বই ইত্যাদি প্রকাশের উদ্যোগকে কর্মপরিকল্পনায় অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের দেশের জন্য এক গৌরবময় ইতিহাসের সৃষ্টি করেছে। এই ইতিহাস সৃষ্টিতে এবং দেশ ও জাতির বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীরও সমান অবদান রয়েছে। বঙ্গমাতা ও দেশের নারীদের এই অসামান্য অবদানকে অনুসন্ধান ও সঠিকভাবে উপস্থাপনের জন্য সেন্টারের পক্ষ থেকে ‘বঙ্গমাতা পাঠচক্র পরিষদ’ গড়ে তোলা হবে। আড়ালে থেকে যাওয়া নারীর গৌরবগাথাকে যথাযথ মর্যাদায় আসীন করাই হবে এই পরিষদের মূল লক্ষ্য।

তা ছাড়া কর্মযজ্ঞকে আরও প্রাণবন্ত করার লক্ষ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য নিয়মিতভাবে সেন্টারের পক্ষ থেকে প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে, যার মাধ্যমে তরুণ প্রজন্ম ইতিহাস সম্পর্কে সচেতন হবে এবং মুক্তিযুদ্ধে নারীর অবদান সম্পর্কে আরও সুস্পষ্টভাবে জানতে পারবে।

বর্তমানে আমরা টেকসই উন্নয়ন অর্জনের পথে আমাদের যাত্রা শুরু করেছি। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ ও উন্নত দেশে পরিণত করতে সরকার সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে জেন্ডার সচেতন জনগোষ্ঠী গড়ে তোলা অতীব প্রয়োজন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে এই সেন্টার ভূমিকা পালন করবে। নারী, পুরুষসহ সব শ্রেণি, গোষ্ঠী ও পর্যায়ের মানুষের উন্নয়নের ধারায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিতকরণে এই সেন্টার সর্বদা কাজ করে যাবে। আমরা আশা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ জেন্ডার সমতা ও গবেষণার বাতিঘর।

তানিয়া হক: অধ্যাপক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়