কালরাত স্মরণে ২৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালন করা হবে। অন্যদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষেও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ‘গণহত্যা দিবস’ উপলক্ষে ২৫ মার্চ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে মোমবাতি প্রজ্বালন, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রাত ৮টা ১৫ মিনিটে জগন্নাথ হল প্রাঙ্গণে অবস্থিত গণসমাধিতে মোমবাতি প্রজ্বালন ও শ্রদ্ধা নিবেদন হবে। রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন করা হবে।
তার আগে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।
স্বাধীনতা দিবসের কর্মসূচি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে ২৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা সভা, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত/প্রার্থনা কর্মসূচি গ্রহণ করেছে।
দিনের শুরুতে সকাল ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সব ভবন, আবাসিক হল ও হোস্টেলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইরা ভোর ৫টা ৪৫ মিনিটে স্মৃতি চিরন্তন চত্বরে জমায়েত হবেন। সকাল ৬টায় উপাচার্যের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করা হবে এবং পরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিবারের সন্তানদের মধ্যে মিষ্টি বিতরণ করা হবে।
এ ছাড়া ২৯ মার্চ বেলা ১১টা ৩০ মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।