ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ নিতে চান, আছে ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপ

উচ্চশিক্ষায় বিশ্বজুড়ে সমাদৃত দেশ ফ্রান্সে স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি (ডক্টরেট) পর্যায়ে অধ্যয়নের জন্য কাঙ্ক্ষিত ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপে আবেদন শুরু হয়েছে। ফরাসি পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত এই মর্যাদাপূর্ণ স্কলারশিপ প্রোগ্রামের মূল লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফ্রান্সের খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আকৃষ্ট করা। এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীরাও ফ্রান্সের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষা অর্জনের বিশেষ সুযোগ পাচ্ছেন।

আবেদনের সময় যা খেয়াল রাখতে হবে—

আবেদনকারীদের বয়সসীমার ক্ষেত্রে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য সর্বোচ্চ ২৯ বছর এবং ডক্টরেট বা পিএইচডি প্রোগ্রামের জন্য সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। আইফেল স্কলারশিপ অর্জনের জন্য শিক্ষার্থীদের একটি বিশেষ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে। সরাসরি কোনো শিক্ষার্থী বা বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্প্যাস ফ্রান্সের কাছে আবেদন জমা দিতে পারবেন না; দিলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। প্রথম ধাপে শিক্ষার্থীকে তার শিক্ষাগত যোগ্যতা ও ক্যারিয়ারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফরাসি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা কার্যক্রম বেছে নিতে হবে। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগের সঙ্গে যোগাযোগ করে আইফেল স্কলারশিপের আবেদনের নিয়মাবলি ও প্রাতিষ্ঠানিক সময়সীমা (ডেডলাইন) সম্পর্কে জেনে নিতে হবে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মনোনীত করলে, সেই শিক্ষাপ্রতিষ্ঠানই শিক্ষার্থীর পক্ষে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প্যাস ফ্রান্সে আবেদনপত্র জমা দেবে।

বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ক্যাম্প্যাস ফ্রান্সে মূল আবেদনপত্র প্রেরণের শেষ তারিখ ৬ জানুয়ারি ২০২৭। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব অভ্যন্তরীণ প্রক্রিয়ার সুবিধার জন্য মূল ডেডলাইনের পূর্বেই আলাদা সময়সীমা নির্ধারণ করতে পারে। তাই শিক্ষার্থীদের যথাসময়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বৃত্তিসংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য জানার ঠিকানা: https://www.bangladesh.campusfrance.org/en

বিস্তারিত সব তথ্যের জন্য এখানে দেখুন