
প্রিয় পরীক্ষার্থী, গণিত সিলেবাসের নির্ধারিত বিষয়বস্তু বারবার অনুশীলন করেছ। কোনোভাবেই গণিতকে ভয় পাবে না।
এবার চলো জেনে নিই দরকারি কিছু তথ্য
তোমরা ইতিমধ্যেই জেনেছ, গণিত বিষয়ে এবার ২ ঘণ্টায় মোট ৫৫ নম্বরের উত্তর দিতে হবে। সৃজনশীল অংশে ১১টি (বীজগণিত ৩টি, জ্যামিতি ৩টি, ত্রিকোণমিতি ও পরিমিতি ৩টি এবং পরিসংখ্যান ২টি) প্রশ্নের মধ্যে যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০ (২+৪+৫)। মোট নম্বর ৪০ এবং সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। অপর দিকে বহুনির্বাচনি অংশে ৩০টি (বীজগণিত – ৯/১০টি, জ্যামিতি – ৮/৯টি, ত্রিকোণমিতি ও পরিমিতি – ৮/৯টি এবং পরিসংখ্যান – ৩/৪টি) প্রশ্নের মধ্যে ১৫টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১। মোট নম্বর ১৫ এবং সময় ২০ মিনিট।
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম
বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর হলো বেশি নম্বর পাওয়ার সিঁড়ি। বহুনির্বাচনি প্রশ্ন প্রতিটি অধ্যায় থেকেই হয়ে থাকে। তোমাদের জন্য নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাসের মধ্য থেকেই ৩০টি প্রশ্ন থাকবে। তোমাকে ১৫টির উত্তর দিতে হবে। তোমার সিলেবাসের যেসব অধ্যায় সবচেয়ে বেশি পারো, সেসব অধ্যায়ের প্রশ্নগুলোর উত্তর আগে দেওয়ার চেষ্টা করবে। তবে যে প্রশ্নের উত্তর দেবে, তা অবশ্যই পেনসিল দিয়ে টিক মার্ক করে রাখবে। নতুবা ১৫টির বেশি বা কম হয়ে যাবে। উত্তরপত্রের বৃত্ত ভরাট কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে করতে হবে।
সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম
সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়মকানুন তোমরা অবশ্যই জানো। এবার ১১টি সৃজনশীল প্রশ্ন থেকে যেকোনো ৪টির উত্তর দিতে হবে। সে জন্য প্রশ্ন পাওয়ার পর প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ভালো করে পড়বে। দেখা যাবে তুমি প্রায় সব কটি প্রশ্নেরই উত্তর পারো। সেগুলোর মধ্য থেকে নিশ্চিত পারো, এমন ৪টির উত্তর তোমাকে দিতে হবে। তবে পরিসংখ্যানের দুটি প্রশ্নের উত্তর নিশ্চিত পারলেও প্রথমে উত্তর না দেওই ভালো। কারণ, পরিসংখ্যান উত্তর দিতে সময় বেশি লাগে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের ‘খ’ ও ‘গ’ নম্বর প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট উদ্দীপকনির্ভর বিধায় উদ্দীপকের সাহায্য ছাড়া ওই প্রশ্ন দুটির উত্তর দেওয়া যাবে না।
জেনে রাখা জরুরি
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আলাদা উত্তরপত্র দেওয়া হবে। উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড স্পষ্ট করে লিখবে। মনে করে হল পরিদর্শকের স্বাক্ষর নিতে হবে। উত্তরপত্র ভাঁজ করা বা ভাঙা যাবে না। কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা সঠিক বৃত্তটি সম্পূর্ণ ভরাট করতে হবে। একই প্রশ্নের উত্তরে একাধিক বৃত্ত ভরাট করা যাবে না।
সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সময় পরীক্ষার খাতার ওপরে ও বাম পাশে কালো কালির কলম দিয়ে মার্জিন টানবে। খাতা যতটা সম্ভব পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। কাটাকাটি বা ঘষামাজা বা ওভার–রাইটিং না করাই ভালো। প্রতিটি প্রশ্নোত্তরের মধ্যে খানিকটা ফাঁকা জায়গা রাখবে। জ্যামিতিক চিত্র অবশ্যই শার্প করা পেনসিল দিয়ে পরিষ্কার করে আঁকবে। পরিসংখ্যানে গ্রাফ আঁকার সময় গ্রাফ পেপারে পেনসিল দিয়ে লেবেলিং করে গ্রাফ আঁকবে। গণিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। তোমরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
রতন কান্তি মণ্ডল, প্রভাষক, মাস্টার ট্রেইনার, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা