
আজকে আমরা বাস্তব জীবনের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন বেশ কিছু বছর ধরে গ্রামীণফোন মোবাইল কোম্পানি ০১৭–এর পাশাপাশি ০১৩ দিয়ে সিম নম্বর তৈরি করা শুরু করেছে। কখনো কি মনে হয়েছে যে কোম্পানিটির কেন এই কাজ করার দরকার হলো? আর প্রশ্ন এলেও কি এর উত্তর ঠিকভাবে পেয়েছেন? হয়তো পেয়েছেন অথবা পাননি অথবা এই নিয়ে চিন্তাই করেননি, তবে যদি চিন্তা না–ও করে থাকেন, তাতে খুব একটা সমস্যা নেই। আজকে আমরা এই বিষয়টির সঙ্গে বিন্যাসের কী সম্পর্ক, সেটা নিয়ে একটু কথা বলব, তো আর ভূমিকা না দিয়ে চলুন মূল আলোচনায় আসি।
সবাই এটা তো জানেন যে সবার সিম কার্ডের নম্বর ভিন্ন ভিন্ন। সেটা না হলে অবশ্য আপনি আপনার প্রিয়জনকে কল দিলে সেটা একই সঙ্গে অন্য কারও কাছেও চলে যেত এবং সে–ও শুনতে পারত আপনাদের কথাপোকথন। এই কথা বিবেচনা করেই সবার নম্বর আলাদা আলাদা করা হয়েছে। এখন গ্রামীণফোন মোবাইল কোম্পানির কথাই ভাবুন, তারা শুরুতে ০১৭ এই কোডটি ব্যবহার করে, এরপর বাকি ৮টি ডিজিট এদের ইচ্ছেমতো দিতে পারে। এভাবে তারা সিমের নম্বর বানায়। এখন কথা হচ্ছে, তারা সর্বোচ্চ কতগুলো নম্বর বানাতে পারবে? এটা শিওর যে তারা অসীমসংখ্যক নম্বর বানাতে পারবে না, তাহলে কথা হচ্ছে তারা কতগুলো মোবাইল নম্বর বানাতে পারবে?
আপনারা যদি এত দিন ধরে আমার লেখাগুলো ভালোভাবে পড়ে থাকেন, তাহলে এক মিনিট চিন্তা করলেই পারবেন হয়তো। নিজে একটু চেষ্টা করে তারপর নিচের অংশটিতে সমাধান দেখতে পারেন।
তো চলুন, এবার দেখি কীভাবে এই সমস্যার সমাধান খুঁজে বের করা যায়। এখনে ০১৭–এর পর ৮টি ঘর খালি আছে, আমাদের এই ঘরগুলোতে অঙ্ক বসাতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে কী কী অঙ্ক বসাতে পারব?
এখনে আপনি ০-৯ পর্যন্ত ১০টি অঙ্কের যেকোনোটি যেকোনো জায়গায় বসাতে পারবেন। এখানে কোনো নিয়ম নেই যে একটি অঙ্ক একবার কোনো ঘরে বসালে ওই অঙ্কটি আর অন্য কোনো ঘরে বসাতে পারবেন না। তাহলে ছবিতে দেখানো ঘরগুলোর প্রতিটিতে বসানোর জন্য ১০টি করে অপশন আছে। এবার একটু মনে করার চেষ্টা করুন আমাদের গুণের নিয়ম। সেখানে দেখেছিলাম সম্পূর্ণ কাজ শেষ হওয়ার আগপর্যন্ত যত অপশন থাকে, সবগুলো অপশন গুণ হয়, তাই এখানেও গুণ হয়ে আমাদের উত্তর হবে:
১০×১০×১০×১০×১০×১০×১০×১০=১০ ৮ তার মানে গ্রামীণফোন মোবাইল কোম্পানি সর্বোচ্চ ১ ০ ৮ টি সিম তৈরি করতে পারবে, যেগুলোর নম্বর ০১৭ দিয়ে শুরু হবে। গ্রামীণ সিম কোম্পানির হয়তো ১ ০ ৮ টি সিম ইতিমধ্যে বানানো হয়ে গেছে, যেগুলোর নম্বর ০১৭ দিয়ে শুরু হয়েছে, তাই ০১৭ দিয়ে তারা নতুন করে আর কোনো সিম বানাতে পারছে না, এই জন্যই তারা নতুন করে ০১৩ দিয়ে সিম বানানো শুরু করছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ০১৭ অথবা ০১৩ দিয়ে শুরু করে গ্রামীণফোন মোবাইল কোম্পানি সর্বোচ্চ কতগুলো সিম বানাতে পারবে? খুবই সহজ একটু চিন্তা করলেই পারবেন।
যেসব ক্ষেত্রে একই জিনিস বারবার বসতে পারবে সেই সব সমস্যা কীভাবে সমাধান করতে হবে, আশা করি এবার বুঝতে পেরছেন। এবার আমরা এই সম্পর্কিত আরেকটি সমস্যা দেব, এই সমস্যাটি সহজ মনে হলেও করতে গিয়ে অনেকেই ভুল করবেন। সমস্যাটি হলো, মনে করুন, আপনার কাছে ৩টি ভিন্ন ভিন্ন চিঠি আছে এবং আপনার সামনে ৪টি ভিন্ন ভিন্ন নামের পোস্ট বক্স আছে, এখন আপনি চাইলে সবগুলো চিঠি কোনো একটি বক্সেও রাখতে পারেন, আবার একটি চিঠি একটি বক্সে, অন্য দুটি আরেকটি বক্সে অথবা সবগুলো চিঠি আলাদা আলাদা বক্সে রাখবেন। এ ক্ষেত্রে কোনো চিঠির বক্স খালি থাকলেও সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে আপনি কতগুলো ভিন্ন ভিন্নভাবে চিঠিগুলোকে বক্সের মধ্যে রাখতে পারবেন? ধরুন, একটি উপায় হলো সবগুলো চিঠি প্রথম বক্সে রাখলেন, এ রকম আরও উপায় আছে। মোট কতগুলো উপায় আছে? এই সমস্যার সমাধান দিচ্ছি না, নিজেরা চেষ্টা করে বের করবেন।