প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ | প্রাথমিক বিজ্ঞান (৬)

অধ্যায় ১৩

সংক্ষিপ্ত উত্তর প্রশ্নঃ

১. প্রশ্ন: দুইটি অনবায়নযোগ্য সম্পদের নাম লেখ।

উত্তর: দুইটি অনবায়নযোগ্য সম্পদের নাম হলো—গ্যাস ও কয়লা।

২. প্রশ্ন: প্রাকৃতিক সম্পদ কাকে বলে?

উত্তর: প্রকৃতিতে পাওয়া যেসব সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে, তাকে প্রাকৃতিক সম্পদ বলে।

৩. প্রশ্ন: নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে?

উত্তর: যেসব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহার করা যায়, তাদের নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে।

বর্ণনামূলক প্রশ্নোত্তরঃ

৪. প্রশ্ন: অনবায়নযোগ্য সম্পদের বিকল্প কেন নবায়নযোগ্য সম্পদ হিসেবে ব্যবহার করা উচিত?

উত্তর: অনবায়নযোগ্য সম্পদ একবার নিঃশেষ হলে হাজার বছরেও ফিরে পাওয়া যায় না। অপরদিকে নবায়নযোগ্য সম্পদ বারবার ব্যবহার করা যায়। ফলে এগুলো ব্যবহার করলে আমাদের প্রাকৃতিক সম্পদের ওপর চাপ কমবে। এ ছাড়া অনবায়নযোগ্য সম্পদ যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি পোড়ালে আমাদের পরিবেশে বিষাক্ত যে গ্যাস ছড়িয়ে পড়ে, তা থেকে আমাদের পরিবেশ মুক্ত হয়। আর এ কারণে নবায়নযোগ্য সম্পদকে অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত।

৫. প্রশ্ন: প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কেন প্রয়োজন?

উত্তর: প্রাকৃতিক সম্পদ সীমিত। তাই এ সম্পদ সংরক্ষণের জন্য এর যথাযথ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আমরা শক্তির ব্যবহার কমিয়ে বস্তুর পুনঃব্যবহার এবং রিসাইকেল করার মাধ্যমে এই সম্পদ সংরক্ষণ করতে পারি। এ ছাড়া এই সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমরা ধীরে ধীরে পরিবেশদূষণ কমাতে পারি।

৬. প্রশ্ন: প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে মিল ও পার্থক্য কোথায়?

উত্তর: প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে মিল হলো—

ক. প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় সম্পদই প্রকৃতি থেকে আসে।

খ. প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় সম্পদই মানুষের চাহিদা পূরণে ব্যবহৃত হয়।

প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে পার্থক্য—

প্রাকৃতিক সম্পদঃ

১. প্রকৃতি থেকে পাওয়া যেসব সম্পদ মানুষ তার নিজের প্রয়োজনে ব্যবহার করে, তাকে প্রাকৃতিক সম্পদ বলে।

২. মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না।

৩. সূর্যের আলো, মাটি, পানি, বায়ু ইত্যাদি হলো প্রকৃতিক সম্পদ।

মানবসৃষ্ট সম্পদঃ

১. মানুষের তৈরি সম্পদকেই মানবসৃষ্ট সম্পদ বলে।

২. মানুষই মানবসৃষ্ট সম্পদ তৈরি করে।

৩. কাগজ, প্লাস্টিক, কাচ, বিদ্যুৎ ইত্যাদি হলো মানবসৃষ্ট সম্পদ।

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা