
সপ্তম শ্রেণির পড়াশোনা
নিচের ছয়টি বৃত্তের প্রতিটির মাঝখানে তোমরা কলম রাখবে, এরপর তোমার বন্ধু তোমার বইটি ঘোরাবে। তুমি যেকোনো একদিকে কলম নেবে। এভাবে ছয়টি বৃত্ত থেকে ছয়টি শব্দ বা বাক্যাংশ বের হবে। এই ছয়টি শব্দ বা বাক্যাংশ দিয়ে তুমি ‘শিশির ও তার জুতা’ গল্পটির বাকি অংশ নিজের ইচ্ছেমতো লিখবে।
শুধু লক্ষ রাখবে, এসব শব্দ বা বাক্যাংশ যেন তোমার গল্পে থাকে। একইভাবে তুমিও তোমার পাশের বন্ধুকে তার ছয়টি শব্দ বের করতে সাহায্য করবে। ছয়টি বৃত্তে কে, কী, কখন, কোথায়, কেন, কীভাবে এই ছয়টি প্রশ্নের জন্য ৬টি করে উত্তর দেওয়া আছে। শিক্ষার্থী তার পাশের শিক্ষার্থীর সঙ্গে খেলার ছলে প্রতিটি বৃত্তের ওপর একবার করে কলম রাখবে। পাশের শিক্ষার্থী বইটি ঘোরাবে। দুইবার ঘোরানোর পর শিক্ষার্থী চোখ বন্ধ করে কলমটি যেকোনো একদিকে নিয়ে যাবে, যে উত্তরের ওপর কলম পড়বে, সে উত্তর লিখবে। এভাবে ৬টি বৃত্তের ওপর কলম ঘুরিয়ে ৬টি উত্তর পাওয়া যাবে। যেমন একজন শিক্ষার্থীর ছয়টি শব্দ বা বাক্যাংশ হতে পারে—মামা, দাঁত মাজল, আগামী বছর, চাঁদে, মা বলেছে, অনুমতি নিয়ে।
গল্প: মামা আমাদের সঙ্গে শ্রীমঙ্গলে বেড়াতে যাবেন। মামার গাড়িচালক বাবলু ভাই গাড়ি চালনায় দক্ষ। তিনি মাত্র তিন ঘণ্টার মধ্যে ঢাকা থেকে শ্রীমঙ্গলে পৌঁছালেন। রাতে খাওয়াদাওয়া শেষে ঘুমানোর আগে ছোট বোন মায়ের বকা খাওয়ার ভয়ে আগেভাগেই দাঁত মাজল। হোটেল থেকে জানালা দিয়ে রাতের চাঁদ দেখতে বড় ভালো লাগছিল। সকালে ঘুম থেকে উঠে হোটেলের সুইমিং পুলে দায়িত্বপ্রাপ্ত লোকের অনুমতি নিয়ে সাঁতার কাটতে গেলাম আমি, মামা ও বাবা। কয়েক দিন কীভাবে যে আমাদের সময় কেটে গেল! মা বলেছে এ বেড়ানোই শেষ নয়, আগামী বছর স্কুলের বার্ষিক পরীক্ষা শেষে সবাই মিলে চা–বাগানে বেড়াতে আসব।
আরেকটি দলের শিক্ষার্থীর ছয়টি শব্দ বা বাক্যাংশ হতে পারে অন্যরকম, যেমন—মিতা আপা, ঘড়ি দেখল, পাঁচ বছর পর, নদীতে, মন ভালো, ধীরে ধীরে ইত্যাদি।
বাড়ির কাজ হিসেবে ‘শিশিরের জুতা’ গল্পটির বাকি অংশ নিজের ইচ্ছেমতো কল্পনাশক্তি কাজে লাগিয়ে লিখবে। লক্ষ রাখবে, বৃত্তে কলম ঘুরিয়ে শিক্ষার্থী যে ছয়টি শব্দ বা বাক্যাংশ পেল, তা যেন তার ওই গল্পে থাকে।
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক,মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা