দশম শ্রেণি - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ১ : সৃজনশীল প্রশ্ন (৩)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

আহমেদ গ্রুপ পণ্যের বেশি চাহিদা মেটানোর জন্য নতুন মেশিন স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে। এ মেশিন কেনা লাভজনক হবে কি না, তা যাচাইয়ের জন্য ফার্ম একটি মূল্যায়ন প্রক্রিয়ার সাহায্য নিল। দীর্ঘমেয়াদি সুযোগ-সুবিধা, আয়-ব্যয়, নগদ প্রবাহ প্রভৃতি বিবেচনা করে ফার্মটি নতুন মেশিন স্থাপন করল।

প্রশ্নঃ

ক. গড় মুনাফার হার কম হওয়ার পরিমাণ কী?

খ. মূলধন বাজেটিংকে সর্বদাই ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত বলা হয় কেন?

গ. আহমেদ গ্রুপ কেন মূল্যায়ন প্রক্রিয়ার সাহায৵ নিয়েছে? বর্ণনা করো।

ঘ. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে মূল্যায়ন প্রক্রিয়ার সহায়তা গ্রহণ কতটা যৌক্তিক? ব্যাখ্যা করো।

উত্তরঃ

ক. নির্দিষ্ট কোনো বিনিয়োগ বা প্রকল্পের জন্য নির্ণীয় গড় মুনাফার হার কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন হার থেকে কম হলে বিনিয়োগ সুযোগ বা প্রকল্পটি বাতিল বা বর্জন করা হয়।

খ. মূলধন বাজেটিংয়ের অধিকাংশ অনুমানই ভবিষ্যতের ওপর নির্ভরশীল না-ও হতে পারে। এ জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকি নিরূপণ ও ঝুঁকির গ্রহণযোগ্যতা যাচাই করতে হয়। কারণ, মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্ত ঝুঁকিযুক্ত হয়ে থাকে।

গ. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ একটি ঝুঁকিমূলক কাজ। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে লাভবান হতে মূল্যায়ন প্রক্রিয়ার সাহায্য নিতে হয়। উদ্দীপকের আহমেদ গ্রুপ মূলধন বাজেটিং প্রক্রিয়ার সাহায৵ নিয়েছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত কতটুকু লাভজনক হবে, সে জন্য মূলধন বাজেটিং প্রক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ প্রয়োজন হয়। আহমেদ গ্রুপ নতুন মেশিন স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে, তা একটি দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত। নতুন মেশিন স্থাপনে দীর্ঘমেয়াদি সুযোগ-সুবিধা, আয়-ব্যয়, নগদ প্রবাহ প্রভৃতি বিবেচনা করা হয়, যা মূলধন বাজেটিংয়ের অন্তর্গত। এ জন্য আহমেদ গ্রুপ নতুন মেশিন স্থাপনে মূলধন বাজেটিং প্রক্রিয়া অনুসরণ করেছে।

ঘ. মূলধন বাজেটিং অর্থায়নের সাফল্যের চাবিকাঠি। প্রতিষ্ঠানের জন্য মূলধন বাজেটিং বাস্তবসম্মত ও সঠিক হওয়া আবশ্যক। আহমেদ গ্রুপের নতুন মেশিন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত। এ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে প্রতিষ্ঠানটি মূলধন বাজেটিং প্রক্রিয়ার সহায়তা গ্রহণ করেছে। মূলধন বাজেটিং প্রতিষ্ঠানের মুনাফা, বিনিয়োগের আকার ও ঝুঁকিসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। আহমেদ গ্রুপের নতুন মেশিন স্থাপন একটি ব্যয়বহুল প্রকল্প। এ ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদি প্রকল্প লাভজনক যাচাই করেছে। প্রকল্পটির সার্বিক দিক বিবেচনা করে লাভজনক হওয়াতে তারা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ক্ষেত্রে মূলধন বাজেটিং না করলে প্রতিষ্ঠানটিকে অনিশ্চিত ঝুঁকির সম্মুখীন হতে হতো। তাই আহমেদ গ্রুপের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে মূল্যায়ন প্রক্রিয়া তথা মূলধন বাজেটিংয়ের সহায়তা নেওয়া যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি।

মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা