প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - প্রাথমিক বিজ্ঞান (৯)

রচনামূলক প্রশ্ন

১. প্রশ্ন: মানুষ কেন কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে?

উত্তর: সারের মধ্যে উদ্ভিদের প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলো থাকে। তাই জমিতে সার প্রয়োগের ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। আর মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পেলে ফসলের ফলন ভালো হয়। অপর দিকে কীটনাশক ফসলের ক্ষতিকারক কীটপতঙ্গ ধ্বংস করে ফসলকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। উদ্ভিদের ভালো বৃদ্ধি এবং অধিক খাদ্য উত্পাদনের জন্য মানুষ কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে।

২. প্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ কেন সহজেই রোগাক্রান্ত হয়?

উত্তর: জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যসহ সব জিনিসের চাহিদাও বেড়ে যায়। ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং ভূমির ঘাটতি দেখা দেয়। খাদ্য ঘাটতির ফলে বহু মানুষ অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়। এ ছাড়া বস্ত্র ও বাসস্থানের অভাবে মানুষ নোংরা পরিবেশে বসবাস করে এবং জনসংখ্যায় ঘনত্ব বেশি হলে জীবাণু দ্রুত ছড়ায়। ফলে মানুষ সহজেই রোগে আক্রান্ত হয়।

৩. প্রশ্ন: বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের ওপর কী প্রভাব পড়ছে?

উত্তর: বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। কারণ—

১. জীবের বাস্তুসংস্থানের পরিবর্তন হয়

২. জীবের আবাসস্থল ধ্বংস হয়

৩. জীব ধীরে ধীরে বিলুপ্ত হয়

৪. বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় ও ভূমিধস হয়।

৫. বনভূমি ধ্বংসের ফলে বায়ুতে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পেয়ে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে।

৪. প্রশ্ন: প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ দাও।

উত্তর: প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ নিচে দেওয়া হলো—

১. রাসায়নিক প্রযুক্তি সার ও কীটনাশক ব্যবহারে যেমন অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে, তেমনি এগুলো ব্যবহারের ফলে মাটি ও পানি দূষিত হয়।

২. বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করায় বায়ু দূষিত হয়, যা বৈশ্বিক উষ্ণায়ন ও অ্যাসিড বৃষ্টির মতো পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা