দেশবরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে এক আর্ট ক্যাম্পের আয়োজন করেছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়।
এই আর্ট ক্যাম্পে প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী, হাসেম খান, শিশির ভট্টাচার্য, নেসার হোসেন, সৈয়দ হাসান মাহমুদ, এএসএম ওয়াহিদুজ্জামান, নাজমা চৌধুরী, ইরানী আহমেদ, জ্যোৎসনা মাহবুবা ও কিংবদন্তি শিল্পী জয়নুল আবেদিনের ছেলে মাইনুল আবেদিনসহ বিভিন্ন শিল্পীরা উপস্থিত ছিলেন।
শিল্পীদের আঁকা চিত্রকর্মগুলো নিয়ে পরবর্তীতে শান্ত-মারিয়ামের ‘আর্ট হাট অ্যান্ড গ্যালারিতে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এসবের বিক্রয়মূল্য আর্থিকভাবে অসচ্ছল শিল্পীদের কল্যাণে ব্যয় হবে।
দেশবরেণ্য চিত্রশিল্পীদের পাশাপাশি শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এতে বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কার দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক শামসুন নাহার অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবির ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাসুদ আল নূরসহ বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের শিক্ষার্থীদের ফ্যাশন শো, সংগীত বিভাগ, কালচারাল ফোরাম ও শান্ত-মারিয়াম একাডেমির শিক্ষার্থীদের সংগীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়। বিজ্ঞপ্তি।