রাজধানীতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘আন্তস্কুল স্টেম ফেস্ট ২০২৫’। প্রতিযোগিতার বিজয়ী হয়েছে ৩০ জন শিক্ষার্থী। এরা আগামী ১০-১৪ এপ্রিল আমেরিকায় নাসার প্রধান কার্যালয়ে দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাবে। রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ-এর আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে স্কুল পর্যায়ে বিজ্ঞানবিষয়ক প্রতিযোগিতা ‘আন্তস্কুল স্টেম ফেস্ট ২০২৫’।
প্রতিযোগিতায় সেরা ৩০ শিক্ষার্থী আমেরিকায় গিয়ে ‘নাসা রোভার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। নাসা রোভার চ্যালেঞ্জে এবার শিক্ষার্থীরা ‘রিমোট কন্ট্রোল রোভার’ এবং ‘হিউম্যান পাওয়ার রোভার’ শীর্ষক প্রতিযোগিতায় অংশ নেবে।
তিন বছর ধরে স্টেম ফেস্ট থেকে বিজয়ী শিক্ষার্থীরা আমেরিকার আলাবামায় অবস্থিত নাসা মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে বিশ্বের অন্য শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। গত বছর তৃতীয় আন্তস্কুল স্টেম ফেস্ট থেকে বিজয়ী ১০ জন শিক্ষার্থী আমেরিকায় গিয়ে ‘নাসা রোভার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিল।
শিক্ষার্থীদের অংশগ্রহণে স্টেম ফেস্ট-এ ১৪০টি বিজ্ঞানবিষয়ক প্রজেক্ট প্রদর্শিত হয়েছে। বিজ্ঞানবিষয়ক এ প্রতিযোগিতায় এবারও রাজধানীর অর্ধশতাধিক স্কুল অংশগ্রহণ করছে।
স্কুলগুলোর তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারের বিজ্ঞানবিষয়ক অভিনব আয়োজনে। এতে প্রতিযোগিতার বাইরেও ছিল বিজ্ঞানবিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে শুরু হয় ‘চতুর্থ আন্তস্কুল স্টেম ফেস্ট ২০২৫’। প্রথম দুই দিনের আয়োজনে ছিল বিভিন্ন প্রতিযোগিতা এবং শেষ দিনের আয়োজনে ছিল প্রজেক্ট প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। শুক্রবার সকাল ১০টায় ফিজিক্স অলিম্পিয়াডের মাধ্যমে শুরু হয় এ প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। এতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের ২৬২ জন শিক্ষার্থী। এ ছাড়া একই দিনে ছিল ৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রোগ্রামিং অলিম্পিয়াড এবং ২২১ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বায়োকেমেস্ট্রি অলিম্পিয়াড।
গত শনিবার (২৫ জানুয়ারি) সমাপনী দিনের আয়োজনে ছিল গণিত অলিম্পিয়াড, এতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাশাপাশি তৃতীয় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরাও অংশগ্রহণ করছে। সমাপনী দিনের আয়োজনে আরও ছিল প্রজেক্ট প্রদর্শনী, পুরস্কার বিতরণী এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার অনুপস্থিতদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ-এর অধ্যক্ষ রোকসানা জারিন। এ বছর বিচারক হিসেবে ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক মো. আবু রায়হান, জাপান স্কলারটেক–এর বিজনেস প্রধান মীর আবদুল বাকি প্রিন্স, বিআইটি স্কুলের আইসিটি বিভাগের প্রধান মো. আহসান হাবিব, গ্ল্যানরিচ ইন্টারন্যাশনাল স্কুলের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান হ্যানস অঙ্কুর, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষক জামুরাত পারভিন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইশরাত জাবিন প্রমুখ।
বিজ্ঞানবিষয়ক প্রতিযোগিতা, আলোচনা ও প্রদর্শনীর পাশাপাশি স্কুল মিলনায়তনে সমাপনী আয়োজনে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। স্কুলমাঠের প্রতিটি স্টলে ছিল নানা উদ্ভাবনী প্রজেক্ট, শিক্ষার্থীরা দর্শনার্থীদের প্রজেক্টগুলোর ব্যবহার ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছে। এবারের উল্লেখযোগ্য প্রজেক্টগুলোর মধ্যে ছিল পদ্মা সেতুর স্কেল মডেল, মেট্রোরেল স্কেল মডেল, টেসলা কয়েল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পার্টিকেল অ্যাকসিলারেটর, প্ল্যান্ট মাইক্রোবায়াল ইলেকট্রিসিটি জেনারেশন ইত্যাদি।
রোকসানা জারিন বলেন, ‘দিন দিন স্টেম ফেস্টের পরিসর বাড়ছে। শুধু আমাদের স্কুল নয়, এ বছর আমাদের প্রতিযোগিতায় যুক্ত হয়েছে বড় বড় ৫০টির বেশি স্কুল। শিক্ষার্থীরা বিজ্ঞান উৎসবের ব্যাপারে অত্যন্ত আগ্রহী। বিজ্ঞপ্তি