অধ্যাপক মো. জাকির হোসেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
অধ্যাপক মো. জাকির হোসেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মো. জাকির হোসেন

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক মো. জাকির হোসেন। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) তিনি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এ উপলক্ষে বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো. আশরাফ আলী খান এবং কর্মকর্তাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার। এ সময় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন ও সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটুসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অধ্যাপক মো. জাকির হোসেনকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক মো. জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং আইবিএ থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে প্রফেসর অব ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিরেক্টর অব স্টাডিজ ও ডিন এবং যুক্তরাজ্যের আইকন কলেজ অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টে (যুক্তরাজ্যের লিংকন বিশপ ইউনিভার্সিটির সঙ্গে অংশীদারত্বে পরিচালিত) প্রফেসর অব ম্যানেজমেন্ট স্টাডিজ হিসেবে দায়িত্ব পালন করেন।