
বৃদ্ধ বাবা আর প্রবাসী ছেলের গল্প নিয়ে পরিচালক অতনু ঘোষ তৈরি করেন ‘ময়ূরাক্ষী’। বাবা আর প্রবাসী ছেলের চরিত্রে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ। ছবিটি ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এ ছাড়া সেরা ছবি সমালোচক, সেরা অভিনেতা সমালোচক (সৌমিত্র চট্টোপাধ্যায়), সেরা অভিনেতা জনপ্রিয় (প্রসেনজিৎ) এবং সেরা আবহ সংগীত (দেবজ্যোতি মিশ্র) বিভাগে ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কার পেয়েছে ‘ময়ূরাক্ষী’। ছবিটি আরও কয়েকটি পুরস্কার জিতেছে।
অতনু ঘোষের এবারের ছবি ‘বিনিসুতোয়’। ‘বিনিসুতোয়’ ছবির গল্প শুরু হবে টেলিভিশনের এক রিয়েলিটি গেম শোর মধ্য দিয়ে। সেখানে অডিশন দিতে আসে কাজল সরকার আর শ্রাবণী বড়ুয়া। অডিশন দিয়ে ফেরার পথে ঘটনাচক্রে দুজনের আলাপ হয়। তাদের মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা দুজন পরস্পরকে ঠিক চিনতে পেরেছে? এভাবেই ‘বিনিসুতোয়’ ছবির গল্প এগিয়ে যায়। আগেই জানা গেছে, ছবিতে ‘শ্রাবণী’র ভূমিকায় জয়া আহসান। এবার জানা গেছে, কাজলের ভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিৎ।
অতনু ঘোষ ‘ময়ূরাক্ষী’ ছবিতে যেমন বাবা আর ছেলের সম্পর্কের গল্প বলেছেন, এবার তিনি বলবেন বিনিসুতোর সম্পর্কের গল্প। ভারতীয় পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে অতনু ঘোষ বললেন, ‘আমাদের চেতনার বিভিন্ন স্তর আছে, যার অনেকগুলো থাকে অবচেতনে। মস্তিষ্কের সঙ্গে সেসব স্তরের অনুভূতির কোনো গ্রন্থি থাকে না। হঠাৎ হঠাৎ সেই অনুভূতিগুলো প্রকাশ হয়ে পড়ে। আর এরপরই আমরা ভাবি এটা তো আমার করার কথা নয়, কেন করলাম? এই হঠাৎ করে অনুভূতির প্রকাশ সম্পর্কের ক্ষেত্রেও হয়। কিছু মানুষ আছেন, যাঁদের প্রাত্যহিক জীবনচর্চার সঙ্গে তাঁর সত্তার কোনো মিল থাকে না। ফলে এ রকম দুটি মানুষের মধ্যে যখন সম্পর্ক তৈরি হয়, তখন সেটাও একটা গ্রন্থিবিহীন বিনিসুতোর সম্পর্ক। সেই সম্পর্কের কথাই বলব আমার এই নতুন ছবির মধ্য দিয়ে।’
‘বিনিসুতোয়’ ছবির ভাবনা নিয়ে অতনু ঘোষ বলেন, ‘প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন মানুষের সংস্পর্শে আসি। তাদের সঙ্গে আলাপ হয়, একটা ধারণাও তৈরি হয়। কিন্তু তার সবই মেলে? সেটাই আমার এই ছবির ভাবনার উৎস। আমরা অন্যদের কাছে নিজের অন্তরকে গোপন করি, এমনকি নিজের কাছেও আসল সত্যিটা লুকিয়ে রাখি।’
সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ছবিটির শুটিং শুরু হবে। শুটিং হবে কলকাতা আর টাকিতে। ছবিতে আরও অভিনয় করবেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ। ক্যামেরার দায়িত্বে থাকছেন জাতীয় পুরস্কার পাওয়া আপ্পু প্রভাকর। সংগীত পরিচালনা করবেন দেবজ্যোতি মিশ্র।