৮৫তম অস্কারে বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্র আহ্বান করেছে অস্কার বাংলাদেশ কমিটি। ছবি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। ২০১১ সালের ১ অক্টোবরের পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে সাত দিন প্রদর্শিত এবং ইংরেজি সাবটাইটেল করা যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই-প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। আগ্রহী প্রযোজকদের ১৫ সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) কার্যালয়ে চলচ্চিত্র জমা দিতে অনুরোধ করা হয়েছে। আবেদন ফরম ও অস্কারের নিয়মাবলির কাগজপত্র পাওয়া যাবে বিএফএফএস কার্যালয়ে । কার্যালয়ের ঠিকানা: ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, কক্ষ নম্বর ৭/৯, ৭৩ কাকরাইল, ঢাকা-১০০০। মনোনয়ন-প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য প্রতিটি চলচ্চিত্রকে ন্যূনতম যেসব শর্ত পূরণ করতে হবে, সেগুলো হলো: চলচ্চিত্রটি ১ অক্টোবর ২০১১ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১২-এর মধ্যে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ন্যূনতম সাত দিন প্রদর্শিত হতে হবে; চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী কোনোভাবেই কোনো টেলিভিশন চ্যানেল কিংবা অনলাইনে হওয়া চলবে না এবং অবশ্যই চলচ্চিত্রটির ইংরেজি সাবটাইটেল থাকতে হবে।