বাংলাদেশসহ মোট ১৯টি দেশের চার শতাধিক শিশুর আঁকা প্রায় ৫০০ চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমীর গ্যালারিতে। প্রদর্শনীর শিরোনাম ‘ষষ্ঠ দ্বিবার্ষিক আন্তর্জাতিক শিশু-চিত্রকলা প্রদর্শনী’। আয়োজক বাংলাদেশ শিশু একাডেমী। এসব চিত্রকর্ম ষষ্ঠ দ্বিবার্ষিক আন্তর্জাতিক শিশু-চিত্রকলা প্রতিযোগিতায় জমা পড়া চিত্রকর্ম থেকে বাছাই করা।গতকাল রোববার বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। প্রদর্শনী চলবে ১০ জুলাই পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানের আগে ছিল পুরস্কার বিতরণী। বিভিন্ন বিভাগে বিজয়ী ৮৫ জন খুদে শিল্পীকে পুরস্কৃত করা হয়। এ বছর সর্বোচ্চ পুরস্কার গ্রান্ড পিক্স পেয়েছে স্বাগতিক বাংলাদেশের প্রতিযোগী চট্টগ্রামের জাইমা জাহিন আহমেদ।