
লেখক সত্যেন সেন এবং সাহিত্যিক সাংবাদিক রণেশ দাশ গুপ্তসহ সে সময়কার কয়েকজন প্রগতিশীল চিন্তাচেতনাসম্পন্ন অসাম্প্রদায়িক ভাবধারার মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৬৮ সালের ২৯ অক্টোবর শুরু হয়েছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পথ চলা। এরপর নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে উদীচী সফলভাবে পৌঁছেছে ৪৮ তম বর্ষের দোরগোড়ায়। আগামীকাল ২৯ অক্টোবর প্রতিষ্ঠার ৪৭ বছর অতিক্রম করতে যাচ্ছে সংগঠনটি। আগামীকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংগঠনটি। উদীচীর পক্ষ থেকে সত্যেন সেন-এর ঘনিষ্ঠ সহকর্মী, সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদুকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আগামীকাল বিকেল ৪টায় শুরু হবে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানমালা। ‘শিল্প-সংস্কৃতি-সংগ্রাম, আমাদের যুদ্ধ অবিরাম’ এ স্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার পর জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর দু’টি দলীয় গণসংগীত পরিবেশনার পর থাকবে বিশেষ যন্ত্রসংগীত পরিবেশনা। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা টিএসসি থেকে শাহবাগ মোড় হয়ে আবার অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় এরপর শুরু হবে আলোচনা পর্ব। উদীচীর কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে এতে অংশ নেবেন সৈয়দ আজিজুল হক, উদীচীর সাবেক সভাপতি সৈয়দ হাসান ইমাম, প্রতিষ্ঠাকালীন সদস্য আখতার হুসেন, সাবেক সাধারণ সম্পাদক ইকরাম আহমেদ, রেজাউল করিম সিদ্দিক রানা, উদীচীর সাবেক সহসভাপতি কাজী মদিনা এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার।
আলোচনা অনুষ্ঠানের পর বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য, সত্যেন সেন-এর ঘনিষ্ঠ সহকর্মী এবং উদীচীর সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদুকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। সম্মাননা হিসেবে গোলাম ইদুর হাতে ক্রেস্ট ও শাল তুলে দেবেন উদীচীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপর শুরু হবে গান-নৃত্য-আবৃত্তি পরিবেশনা পর্ব। এ পর্বে দলীয় সংগীত পরিবেশন করবে ঋষিজ শিল্পীগোষ্ঠী, উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ এবং উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। এ ছাড়া, একক সংগীত পরিবেশন করবেন উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য তাজিম সুলতানা, সহসভাপতি মাহমুদ সেলিম, ফকির সিরাজ এবং হাসান মাসুদ। থাকবে বরেণ্য বাচিক শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় এবং উদীচীর সহসভাপতি বেলায়েত হোসেনের একক আবৃত্তি পরিবেশনা। এ ছাড়া, দলীয় নৃত্য পরিবেশন করবে লুবনা মারিয়ম পরিচালিত দল-‘সাধনা’।