ভারতের দিল্লিতে গণধর্ষণের শিকার মেডিকেলের ছাত্রীর মৃত্যু নাড়িয়েছে বলিউডকেও। নতুন বছরকে স্বাগত জানানোর অনেক অনুষ্ঠানই বাতিল করে দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে উৎসবে মন নেই তাদের। বচ্চন পরিবার, কাপুর পরিবার, রোশন পরিবার—সবাই বাতিল করেছে তাদের উৎসবের পরিকল্পনা। মেয়ে এষা দেওল ও তাঁর স্বামী ভারত তখ্তানির সঙ্গে নববর্ষ উদ্যাপনের পরিকল্পনা করেছিলেন মা হেমা মালিনী। তিনিও তা বাদ দিয়েছেন। স্বামী জাভেদ আখতারকে নিয়ে এক খামারবাড়িতে নতুন বছরের উৎসব করার কথা ছিল শাবানা আজমির। তিনি বলেছেন, ‘এবার নববর্ষ উদ্যাপনে কিছুই করছি না আমরা। সেই মেয়েটির প্রতি শ্রদ্ধা যে পুরো জাতিকে আজ এক করেছে ভারতের মেয়েদের নিরাপত্তা আদায়ের লড়াইয়ে।’ নাসিরউদ্দীন শাহ চলচ্চিত্রকেই দুষেছেন ধর্ষণের প্রতি মানুষের অনুভূতিশূন্যতা তৈরির জন্য। তিনি বলেছেন, ‘চলচ্চিত্রে দেখানো হয় নায়ক ধর্ষণ ঠেকিয়ে দিচ্ছেন বা তার প্রতিশোধ নিচ্ছেন। এসব দেখে এই ভয়াবহ অপরাধের প্রতি মানুষের কোনো বাস্তবসম্মত ধারণা জন্মায় না। এই প্রথম যা ঘটেছে, তার নারকীয় বর্ণনা পেয়েছি আমরা। আর এটাই মানুষকে খেপিয়ে তুলেছে। এই অনুভূতি যেন বজায় থাকে।’ টাইমস অব ইন্ডিয়া।