সাক্ষাৎকার

একটু দেরিতে হলেও...

এলিটা করিম ও শুভ। ছবি: খালেদ সরকার
এলিটা করিম ও শুভ। ছবি: খালেদ সরকার

তাঁরা বলছেন, এটা একসঙ্গে তাঁদের প্রথম গান। কিন্তু যখন আলাপ জমল আমাদের, তখন স্মৃতি ঘেঁটে ঘেঁটে বেরিয়ে এল অনেক পুরোনো গানের গল্প। গানগুলো সবাই এলিটা–শুভর দ্বৈত কণ্ঠেই শুনেছে। কিন্তু গানগুলো ধারণের সময় এই দুই শিল্পী একসঙ্গে কণ্ঠ দেননি। অদ্ভুতভাবে ‘এই তুমি সেই তুমি’ গানটিই এলিটা আর শুভর প্রথম ‘নিজেদের গান’! কেন এই একটা গানকে শুভ–এলিটা তাঁদের জুটির ‘প্রথম গান’ বলছেন, চলুন জেনে নিই এই প্রতিবেদনে—
দ্য ডেইলি স্টার সেন্টারের ক্যান্টিনে সংগীতশিল্পী এলিটা ও শুভর সঙ্গে বসেছিলাম গান নিয়ে কথা বলতে। তাঁদের ‘এই তুমি সেই তুমি’ শিরোনামের গানটি সাড়া ফেলেছে শ্রোতাদের মধ্যে। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে আছে গানটি। রংচঙে মিউজিক ভিডিওর ভিড়ে সাদাকালো মাধ্যমে করা গানের ভিডিওটি নিয়েও যে শ্রোতারা কথা বলবেন, এটা ভেবেই বেশ তৃপ্ত দুই শিল্পী।
এলিটা ও শুভ গত ডিসেম্বর থেকে এই একটা গান নিয়ে পরিশ্রম করেছেন। শুরুতে আড্ডার ছলেই ‘এই তুমি সেই তুমি’র ভাবনা চলে আসে এলিটা–শুভ আর এর সুর ও সংগীতায়োজক মার্ক ডনের মাথায়। তখনো এর কথা, সুর, ভিডিও বলতে কিছুই ছিল না। একটা রেডিও শো করতে গিয়ে আস্তে আস্তে ধাঁধার মতো মিলে যেতে থাকে সব। শিল্পী হিসেবে এলিটা–শুভ, সুরকার–সংগীতায়োজক হিসেবে মার্ক ডনের পর গানের প্রকল্পে যুক্ত হন গীতিকার রাসেল মাহমুদ। এরপর এর সঙ্গে জুড়ে যান নির্মাতা আশফাক নিপুণ, গানটির ভিডিও নির্মাতা হিসেবে। স্বতন্ত্র একটি গান হিসেবে ‘এই তুমি সেই তুমি’ তৈরি হলেও শেষমেশ এটা অংশ হয়ে যায় নিপুণ পরিচালিত টি স্টল নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের। তবে শেষ ভালো যার, সব ভালো তার।
ডি রকস্টার শুভ মনে করিয়ে দেন এলিটাকে, ২০১০ বা ২০১১ সালের দিকে একটি দ্বৈতগান বেরিয়েছিল তাঁদের। সুরকার ছিলেন অদিত। কিন্তু সেই গানে দুজন কণ্ঠ দিয়েছিলেন আলাদা আলাদা দিনে, আলাদাভাবে। এরপর একইভাবে সুরকার সন্ধির হয়েও একটি গানে কণ্ঠ দেন দুজন। কিন্তু কোনোবার সন্ধির গান, কোনোবার অদিতের, কোনোবার আবার কিংবদন্তি কোনো তারকার প্রতি ‘ট্রিবিউট’ জানিয়ে করেছেন পুরোনো গানের মেডলি। মোটকথা, নিজেদের বলার মতো গান হলো এত দিন পরে এসে। আর এই দেরিকে ভালোই কাজে লাগিয়েছেন এলিটা ও শুভ। এলিটা বললেন, ‘কেন যে এত দিন পরে এসে একসঙ্গে হলাম, এই হিসাবই মেলাতে পারছি না। তবে দেরি করে হলেও ভালো কিছু হয়েছে, এটা বলতে পারি।’ শুভও বলেন একই সুরে, মনেই হচ্ছে না দেরি হয়ে গেছে। হিট–লাইক–শেয়ারের ভিড়ে একটা ভালো গান হয়েছে, এটাই সবচেয়ে ভালো লাগার ব্যাপার।