এবার একক নায়িকা

পরিচালক মোহন খানের মেয়ে সাবাবা প্রথম অভিনয় করেন ১৯৯৮ সালে। নাটকের নাম তাহাদের বসন্ত দিনে। এখানে তিনি অভিনয় করেছিলেন বিজরী বরকতউল্লাহর মেয়ের চরিত্রে। এরপর আফসানা মিমির ধারাবাহিকগৃহগল্প ও সাড়ে তিনতলাতেও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন। তবে এবার আর শিশুশিল্পী নয়, একক নায়িকা হচ্ছেন নাটকে। আর তাঁর বিপরীতে অভিনয় করছেন জয় ও মীর সাব্বির। নাটকের নাম আই লাভ ইউ তিনটি কারণে। নাটকটির নাট্যকার ও পরিচালক মোহন খান জানান, এ সপ্তাহেই দৃশ্য ধারণের কাজ হবে। নাটকে অভিনয় প্রসঙ্গে সাবাবা বললেন, ‘এবার নায়িকা চরিত্রে অভিনয় করব, ভাবতেই বেশ মজা লাগছে। জয় ও সাব্বিরের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। আর পরিচালক আমার বাবা। সবকিছু মিলিয়ে আলাদা কোনো চাপ অনুভব করছি না।’