
বরাবরই পেশাদার আচরণের জন্য প্রশংসিত হয়েছেন ‘ধুম ৩’ তারকা ক্যাটরিনা কাইফ। কিন্তু সম্প্রতি দুবাইয়ে তাঁর আচরণের জন্য সমালোচিত হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় এ তারকা অভিনেত্রী।
সম্প্রতি একটি প্রচারণা অনুষ্ঠানে অংশ নিতে দুবাই গিয়েছিলেন ক্যাটরিনা। সেখানে সাক্ষাত্কার দেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা সংবাদকর্মীদের অপেক্ষায় রাখার পর শেষ মুহূর্তে দু-চারটি কথা বলে সাক্ষাত্কার পর্ব বাতিল করেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
দীর্ঘ সময় অপেক্ষার পর ক্যাটরিনাকে পেয়ে তাঁকে প্রশ্ন করা শুরু করেন সংবাদকর্মীরা। একপর্যায়ে প্রেমিক রণবীর কাপুর সম্পর্কে জানতে চাইলে কোনো রকম মন্তব্য করতে তিনি রাজি হননি। শুধু তা-ই নয়, রণবীর সম্পর্কে জানতে চাওয়ায় ক্ষুব্ধ হয়ে ক্যাটরিনা তাঁর সঙ্গে থাকা লোকদের সাক্ষাত্কার পর্বটি বাতিল করতে বলেন।
প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে দু-চারটি কথা বললেও, ইলেকট্রনিক মিডিয়াকে কোনো সাক্ষাত্কার দেবেন না বলেই সাফ জানিয়ে দেন ক্যাটরিনা। তাঁর মতো একজন দায়িত্বশীল অভিনয়শিল্পীর কাছ থেকে এমন শিশুসুলভ আচরণ সবাইকে বেশ অবাক করেছে।